আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন 'ক্যাপ নম্বর ২৭৮'

News Today By Tollywood Focus Kolkata Team | Published: Jul 30, 2026 | 5 mins read
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন 'ক্যাপ নম্বর ২৭৮'
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন অভিজ্ঞ ব্যাটার আজিঙ্কা রাহানে
ভারতীয় ক্রিকেট দলের দীর্ঘদিনের ভরসা তথা প্রাক্তন সহ-অধিনায়ক আজিঙ্কা রাহানে সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করলেন। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকার পর বৃহস্পতিবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি ভিডিও বার্তার মাধ্যমে এই সিদ্ধান্ত জানান তিনি।
২০২০-২০-২১ মরশুমে রাহানের নেতৃত্বেই অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক বর্ডার-গাওস্কর ট্রফি জিতেছিল ভারত। তাঁর এই অবসরে ভারতীয় ক্রিকেটে একটি স্বর্ণযুগের অবসান ঘটল।
বর্ণময় আন্তর্জাতিক কেরিয়ার ও স্মরণীয় শতকগুলি
২০১১ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তাঁর। ২০১৩ সালে টেস্ট দলে সুযোগ পাওয়ার পর তিনি দীর্ঘ সময় দলের অবিচ্ছেদ্য অংশ ছিলেন। টেস্টে তাঁর প্রথম তিনটি শতরান এসেছিল তিনটি ভিন্ন দেশের বিরুদ্ধে।প্রথম শতরান‌ নিউজিল্যান্ডের ওয়েলিংটনে (বেসিন রিজার্ভ) ২০১৪ সালের ১৪-১৮ ফেব্রুয়ারি, যেখানে তিনি ১৫৮ বলে ১১৮ রান করেন।
দ্বিতীয় শতরান ২০১৪ সালের ১৭-২১ জুলাই লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ১০৩ রানের অনবদ্য ইনিংস খেলেন।
তৃতীয় শতরান ২০১৪ সালের ২৬-৩০ ডিসেম্বর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৪৭ রান করেন তিনি।
টেস্টে ৮৫টি ম্যাচে ৩৮.৪৬ গড়ে ৫০৭৭ রান করেছেন রাহানে, যার মধ্যে ১২টি শতরান রয়েছে (বিদেশের মাটিতে ৮টি)। ২০১৪ সালে লর্ডসে তাঁর সেঞ্চুরি ভারতীয় টেস্ট ইতিহাসের অন্যতম সেরা ইনিংস হিসেবে বিবেচিত। এছাড়া ৯০টি একদিনের ম্যাচ, ২০টি টি-টোয়েন্টি ম্যাচ এবং আইপিএলে ৬টি আলাদা দলের হয়ে ২১২টি ম্যাচ খেলেছেন তিনি। আইপিএলের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে এক ওভারে ছয়টি চার মারার অনন্য নজির গড়েন অজিঙ্ক রাহানে। ২০১২ সালের ১৫ এপ্রিল বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে রাজস্থান রয়্যালসের হয়ে খেলার সময় এই রেকর্ড গড়েন তিনি। ম্যাচের ১৪তম ওভারে বোলার শ্রীনাথ অরবিন্দকে পরপর ছয় বলে ছয়টি চার মেরে ইতিহাস তৈরি করেন রাহানে।গত মরশুমে কলকাতা নাইট রাইডার্স -এর অধিনায়কও ছিলেন।
বক্সিং ডে টেস্টে ঐতিহাসিক শতক
রাহানের টেস্ট কেরিয়ারের শেষ শতরানটি ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ২০২০ সালের ২৬ ডিসেম্বর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক বক্সিং ডে টেস্টে ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব নিয়ে তিনি একটি মাস্টারক্লাস ১১২ রান করেছিলেন। অ্যাডিলেডে দলের লজ্জাজনক পতনের পর তাঁর এই ধৈর্যশীল ও দায়িত্বপূর্ণ ইনিংসটি ভারতীয় দলকে ঘুরে দাঁড়াতে এবং স্মরণীয় সিরিজ জয়ে বিরাট ভূমিকা পালন করেছিল।
অবসরের নেপথ্য কারণ
জাতীয় দলে সুযোগ না পেয়ে এবং দীর্ঘ প্রতীক্ষার পর হতাশা থেকেই এই সিদ্ধান্ত বলে মনে করছেন অনেকে। তবে নিজের ভিডিও বার্তায় রাহানে জানান, সবকিছুরই একটি শেষ থাকে এবং সময়কে সম্মান জানিয়ে সরে দাঁড়ানোই শ্রেয়। তিনি বলেন, "আমি সবসময় ব্যাটিং উপভোগ করেছি এবং আমার মনে হয়েছে এটাই সরে দাঁড়ানোর সঠিক সময়।"
মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি অজিঙ্ক নায়েক তাঁর অবদানের প্রশংসা করে জানান, চাপের মুখে রাহানের শান্ত মেজাজ ও দুর্দান্ত পারফরম্যান্স তরুণ প্রজন্মের কাছে সবসময় অনুপ্রেরণা হয়ে থাকবে।