ভারতীয় নৌবাহিনীর সামুদ্রিক নিরাপত্তা ও জলের নিচের উদ্ধারকাজের ক্ষমতা আরও বাড়াতে যুক্ত হলো আরও একটি নতুন যুদ্ধজাহাজ। সম্প্রতি কলকাতার হুগলি নদীতে সফলভাবে জলে নামানো হলো সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি পঞ্চম প্রজন্মের ডাইভিং সাপোর্ট ক্রাফট বা 'ডিএসসি এ২৪' (DSC A24)। নৌবাহিনীর ঐতিহ্য মেনে এক বিশেষ অনুষ্ঠানে এই অত্যাধুনিক জাহাজটির শুভ উদ্বোধন করেন নৌসেনার চিফ অফ পার্সোনাল ভাইস অ্যাডমিরাল গুরুচরণ সিং-এর স্ত্রী কমল সিং।
এই বিশেষ উদ্বোধনী অনুষ্ঠানে নৌসেনার একাধিক শীর্ষস্থানীয় কর্মকর্তা এবং জাহাজটির নির্মাতা প্রতিষ্ঠান 'টিটাগড় রেল সিস্টেমস লিমিটেড'-এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, এই ক্রাফটগুলির নকশা ও নির্মাণের দায়িত্ব পালন করেছে এই স্বনামধন্য সংস্থাই।
জাহাজটির বিশেষত্ব—প্রায় ৩০০ থেকে ৪০০ টন ওজনের এই জাহাজটি আধুনিক 'ক্যাটামারান' (Catamaran-hull) নকশায় তৈরি। এর ফলে উত্তাল সমুদ্রেও এটি অত্যন্ত স্থিতিশীল থেকে সহজে কাজ করতে পারে এবং ডেকের পরিসরও অনেক বেশি হয়।জলের নিচে বিভিন্ন জরুরি উদ্ধারকাজ, মেরামতের তদারকি এবং বিশেষ ডাইভিং অভিযানে এই জাহাজটি নৌসেনাকে দারুণ সহায়তা করবে।
বিশেষজ্ঞদের মতে, এই জাহাজের প্রায় ৭০ শতাংশ যন্ত্রাংশই দেশে উৎপাদিত। কেন্দ্র সরকারের 'মেক ইন ইন্ডিয়া' এবং 'আত্মনির্ভর ভারত' প্রকল্পের আওতায় তৈরি এই ক্রাফট দেশের প্রতিরক্ষা উৎপাদন ক্ষেত্রকে যে আরও এক ধাপ এগিয়ে দিল, তা বলাই বাহুল্য। এই নতুন জাহাজের অন্তর্ভুক্তি ভারতের জলসীমা সুরক্ষাকে আরও দুর্ভেদ্য করে তুলবে।
আরও শক্তিশালী হল ভারতীয় নৌসেনা, হুগলি নদীতে নামল নতুন ডাইভিং ক্রাফট জাহাজ