রাজ্যে লিভারের রোগ মোকাবিলায় চিকিৎসার পরিকাঠামো আরও শক্তিশালী করল রাজ্য সরকার। ‘ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে’ উপলক্ষে স্বাস্থ্য ভবন আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে মোট ১২টি নতুন ভাইরাল হেপাটাইটিস চিকিৎসা কেন্দ্র উদ্বোধন করা হয়। এর ফলে রাজ্যে এই ধরনের মোট চিকিৎসার কেন্দ্রের সংখ্যা বেড়ে হলো ৪৮টি।
জাতীয় ভাইরাল হেপাটাইটিস নিয়ন্ত্রণ কর্মসূচির অধীনে ২০৩০ সালের মধ্যে এই রোগটিকে সম্পূর্ণ নির্মূল করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। সেই উদ্দেশ্যেই বিনামূল্যে ডায়াগনস্টিক পরিষেবা এবং স্ক্রিনিংয়ের পরিসর বাড়ানোর কাজ চলছে।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী শরদিয়ত মুখোপাধ্যায় জানান, সরকারি ও বেসরকারি চিকিৎসকদের যৌথ উদ্যোগে একটি নতুন সমন্বয় কমিটি গঠনের কাজ চলছে। এর মাধ্যমে লিভারের রোগ চিকিৎসায় বেসরকারি চিকিৎসকদেরও সহযোগিতার আওতায় আনা হচ্ছে।
স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, শীঘ্রই এই কমিটির একটি বৈঠক হবে। যেখানে ভাইরাল হেপাটাইটিস ছাড়াও নন-অ্যালকোহলিক এবং অ্যালকোহলিক ফ্যাটি লিভারের চিকিৎসার জন্য একটি সুনির্দিষ্ট স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর বা এসওপি তৈরি করা হবে।
স্বাস্থ্য দপ্তরের এই অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমানা সরকার ছাড়াও রাজ্যের বিশিষ্ট হেপাটোলজিস্ট ও গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
রাজ্যে বাড়ল হেপাটাইটিস চিকিৎসার কেন্দ্র, চালু হলো নতুন ১২টি ইউনিট 'আর্ন্তজাতিক হেপাটাইটিস দিবস'-এ