কলকাতায় হচ্ছে আধুনিক ইলেকট্রিক স্কুটার কারখানা, বিপুল বিনিয়োগ বিদেশি সংস্থার

News Today By Tollywood Focus Kolkata Team | Published: Jul 31, 2026 | 2 mins read
কলকাতায় হচ্ছে আধুনিক ইলেকট্রিক স্কুটার কারখানা, বিপুল বিনিয়োগ বিদেশি সংস্থার
পশ্চিমবঙ্গে শিল্পের নতুন দিগন্ত উন্মোচিত হতে চলেছে। থাইল্যান্ডের প্রযুক্তি সংস্থা 'আসারা ইলেকট্রিক' এবং ভারতের 'মার্কস্টোন ইন্টারন্যাশনাল' যৌথভাবে রাজ্যে প্রায় আড়াইশো কোটি টাকা বিনিয়োগের ঘোষণা করেছে। এর প্রথম পদক্ষেপ হিসেবে খাস কলকাতাতেই গড়ে উঠছে দেশের অন্যতম বৃহৎ ই-স্কুটার তৈরির অত্যাধুনিক কারখানা।
পেট্রোল-ডিজেলের লাগামছাড়া দামের কথা মাথায় রেখে সাধারণ মধ্যবিত্তের নাগালে এই স্কুটার নিয়ে আসা হচ্ছে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এই বৈদ্যুতিক স্কুটারগুলির দাম মাত্র ৫০ থেকে ৬০ হাজার টাকার মধ্যে রাখা হবে, যা সাধারণ মানুষের সাধ্যের মধ্যে। পাশাপাশি, ক্রেতারা সম্পূর্ণ 'জিরো ডাউন পেমেন্ট' বা এককালীন অগ্রিম অর্থ ছাড়াই এই গাড়ি কিনতে পারবেন।
মহিলা চালকদের কথা মাথায় রেখে গাড়িগুলির ডিজাইন অত্যন্ত হালকা ও আরামদায়ক করা হয়েছে। এর ব্যাটারি মাত্র ৩ থেকে ৪ ঘণ্টা চার্জ দিলেই স্কুটারটি প্রায় ৯০ কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম হবে।
শিল্প বিশেষজ্ঞদের মতে, কলকাতায় এই মেগা প্রকল্প বাস্তবায়িত হলে হাজার হাজার বেকার যুবক-যুবতীর কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। দুই দেশের এই যৌথ উদ্যোগ বাংলার শিল্প মানচিত্রে এক নতুন বিপ্লব ঘটাবে এবং রাজ্যকে অর্থনৈতিক উন্নতির পথে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।