৮ ঘন্টা ইডি-র জেরার পর কী দাবি কামারহাটির বিধায়কের ?

News Today By Tollywood Focus Kolkata Team | Published: Jul 31, 2026 | 2 mins read
৮ ঘন্টা ইডি-র জেরার পর কী দাবি কামারহাটির  বিধায়কের ?
পুর নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল বিধায়ক মদন মিত্রকে দীর্ঘ ৮ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বুধবার কলকাতার সিজিও কমপ্লেক্সে ম্যারাথন জেরা শেষে বাইরে বেরিয়ে কামারহাটির বিধায়ক দাবি করেন, কেন্দ্রীয় সংস্থাকে তিনি সবরকমভাবে সাহায্য করেছেন।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মদন মিত্র বলেন, "আমি পুরোপুরি সহযোগিতা করেছি। যা বলার এজেন্সিকে অফিসিয়ালি জানিয়ে দিয়েছি। জন্ম এবং মৃত্যুর শংসাপত্র ছাড়া বাকি সব তথ্য তাদের হাতে তুলে দিয়েছি।" পাশাপাশি, তিনি ও তাঁর পরিবার কোনো দুর্নীতির সঙ্গে জড়িত নয় বলেও স্পষ্ট জানান।
তদন্তকারী সূত্রে জানা গেছে, পুরসভায় চাকরি পাইয়ে দেওয়ার বিনিময়ে দুর্নীতি এবং আর্থিক লেনদেনের অভিযোগ রয়েছে। অভিযোগ, কামারহাটি ও টিটাগড় পুরসভায় অনেকেই চাকরি পেয়েছেন যার নেপথ্যে নাম রয়েছে মদন মিত্রের। এছাড়া তাঁর পরিবারের সদস্যদের কিছু ব্যাংক অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেনের বিষয় নিয়েও ইডি আধিকারিকরা তাঁকে প্রশ্ন করেন।
অন্যদিকে, এই জেরা ঘিরে রাজনৈতিক মহলেও চাঞ্চল্য ছড়িয়েছে। বিরোধীরা এই তদন্তের নিরপেক্ষ প্রক্রিয়ার দাবি জানিয়েছে। তবে সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে মদন মিত্র তদন্তে আইনিভাবে সম্পূর্ণ সহযোগিতা করার কথা পুনর্ব্যক্ত করেছেন।