গ্লাসগো কমনওয়েলথ গেমস ২০২৬-এ দেশের হয়ে প্রথম সোনার পদক জিতে নিলেন তারকা ভারোত্তোলক মীরাবাঈ চানু। রবিবার মহিলাদের ৪৮ কেজি বিভাগে অংশ নিয়ে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেন তিনি। স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে মোট ১৯০ কেজি ওজন তুলে নতুন রেকর্ড গড়লেন এই মণিপুরী অ্যাথলেট।
এর মাধ্যমেই কমনওয়েলথ গেমসের ইতিহাসে সোনার হ্যাটট্রিক করলেন চানু। এর আগে গোল্ড কোস্ট এবং বার্মিংহ্যাম গেমসেও সোনা জিতেছিলেন তিনি। টানা তিনটি কমনওয়েলথ গেমসে সোনা জয়ের এমন কীর্তি এর আগে ভারতের কোনো ভারোত্তোলকের ছিল না। প্যারিস অলিম্পিকে অল্পের জন্য পদক হাতছাড়া হওয়ার হতাশা ভুলে এই টুর্নামেন্টকে প্রত্যাবর্তনের মঞ্চ হিসেবে বেছে নিয়েছিলেন তিনি।
ফাইনালে শুরুতে সামান্য বাধা আসে। স্ন্যাচ এবং ক্লিন অ্যান্ড জার্ক—উভয় বিভাগেই নিজের প্রথম প্রচেষ্টায় ব্যর্থ হন ৩১ বছর বয়সী এই তারকা। তবে দ্রুত ঘুরে দাঁড়িয়ে দ্বিতীয় প্রচেষ্টায় স্ন্যাচে ৮৫ কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কে ১০৫ কেজি ওজন তুলে সকলকে তাক লাগিয়ে দেন। সর্বমোট ১৯০ কেজি ভার তুলে তিনি গেমসের একাধিক রেকর্ড ভেঙে নিজের নামে লেখেন।
এই প্রতিযোগিতায় মীরাবাঈ চানুর ধারেকাছে কেউ ছিলেন না। মোট ১৬৮ কেজি ওজন তুলে রৌপ্য পদক অর্জন করেছেন নাইজেরিয়ার রুথ আসুকো নিয়ং। অন্যদিকে, ১৬৭ কেজি ওজন তুলে ব্রোঞ্জ পদক জিতেছেন মালয়েশিয়ার আইরিন জেন হেনরি।
চানুর হাত ধরে চলতি কমনওয়েলথ গেমসে ভারতের পদক জয়ের খাতা খুলল অত্যন্ত গৌরবোজ্জ্বলভাবে। তাঁর এই ঐতিহাসিক সাফল্য পুরো দেশবাসীকে আনন্দিত ও গর্বিত করেছে।
কমনওয়েলথ গেমসে মীরাবাঈ চানুর ইতিহাস, ভারতের প্রথম সোনা জয়