আইনি প্রক্রিয়া চলাকালীন বা রক্ষাকবচের মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশের অতিসক্রিয়তা ও দুমদাম গ্রেফতারি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাই কোর্ট। জমি সংক্রান্ত একটি অভিযোগে তৃণমূলের প্রাক্তন বিধায়ক ও কলকাতার প্রাক্তন ডেপুটি মেয়র অতীন ঘোষের মামলায় এই প্রশ্ন তুলেছে আদালত।
অতীন ঘোষ এবং তাঁর কন্যার বিরুদ্ধে জমি সংক্রান্ত আর্থিক অনিয়মের অভিযোগ এনেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য বিধাননগর উত্তর থানা তাঁদের তলব করেছিল। এই পরিস্থিতিতে সম্ভাব্য গ্রেফতারি এড়াতে আগাম জামিনের আবেদন নিয়ে হাই কোর্টের দ্বারস্থ হন কাশীপুর-বেলগাছিয়ার প্রাক্তন বিধায়ক। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে মামলাটির শুনানি পিছিয়ে যাওয়ার পরই আদালতের পক্ষ থেকে কড়া বার্তা দেওয়া হয়।
শুনানি চলাকালীন আদালত স্পষ্ট নির্দেশ দেয়, বিচারাধীন মামলায় অতীন ঘোষকে গ্রেফতার করা যাবে না। একই সঙ্গে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বিচারপতি বলেন, অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে রক্ষাকবচের মেয়াদ ফুরোনোর পরপরই এক দিনের মধ্যে পুলিশ অতি উৎসাহী হয়ে কাউকে গ্রেফতার করে ফেলছে।
অন্য একটি মামলার প্রসঙ্গ টেনেও বিচারপতির সরাসরি প্রশ্ন, পুলিশ কি তবে আদালতের উপর ভরসা রাখতে পারছে না? কেন এমন পরিবেশ তৈরি হবে যেখানে বিচারাধীন মামলায় আদালতকে এমন কড়া নির্দেশ দিতে হয়? বিচারপতির এই প্রশ্নের মুখে রাজ্যের আইনজীবী জানান, পুলিশ পরিস্থিতি বিচার করেই পদক্ষেপ নেয়, তবে বিচারাধীন ও অন্তর্বর্তী নির্দেশ থাকা মামলাগুলিতে কড়া পদক্ষেপ না করার বিষয়টি পুলিশকে সুনিশ্চিত করা হবে।
এই ঘটনার জল কতদূর গড়ায় এবং আদালত ভবিষ্যতে কী রায় দেয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।
রক্ষাকবচের মেয়াদ ফুরোলেই গ্রেফতার কেন? রাজ্যকে প্রশ্ন কলকাতা হাই কোর্টের