রাজ্যে রাজনৈতিক পালাবদলের হাওয়া এবার আছড়ে পড়ল প্রশাসনিক সদর দফতর ‘নবান্ন’-এও। দীর্ঘ ১৫ বছর ধরে রাজ্যের প্রশাসনিক ভবনটি নীল-সাদা রঙে রাঙানো থাকলেও, সম্প্রতি তাতে পরিবর্তনের হাওয়া লেগেছে।
সোমবার সকালে নবান্নের মাথায় থাকা মূল নামফলকে এই বদল স্পষ্টভাবে লক্ষ্য করা যায়। তবে পুরো ভবনের রঙ এখনই পরিবর্তন করা হয়নি। শুধুমাত্র বিল্ডিংয়ের চূড়ায় থাকা ‘নবান্ন’ লেখা ফলকটির নীল রঙ বদলে এখন তা গেরুয়া রঙে উজ্জ্বল করা হয়েছে। পুরো ভবনটিকেও আগামী দিনে গেরুয়া রঙে রাঙানো হবে কি না, সে বিষয়ে সরকারিভাবে এখনও কিছু জানানো হয়নি। তবুও রাজনৈতিক মহলের একাংশের ধারণা, রাজ্যজুড়ে নীল-সাদা রঙ বদলে গেরুয়া করার যে ধারা শুরু হয়েছে, তার প্রভাব নবান্নের ওপরও পড়তে পারে।
প্রসঙ্গত, সম্প্রতি রাজ্যে নতুন সরকার আসার পর থেকেই বিভিন্ন পরিবর্তনের সূচনা হয়েছে। দিনকয়েক আগেই স্কুল ড্রেসের রং পরিবর্তনের কথা ঘোষণা করা হয়েছে। ২০২২ সালে তৎকালীন সরকারের আমলে সরকারি ও অনুদানপ্রাপ্ত স্কুলের পোশাকের রং নীল-সাদা করা হয়েছিল। তবে নতুন নির্দেশিকা অনুযায়ী, সেই নিয়ম বাতিল করে স্কুলগুলিকে তাদের পুরনো পোশাকেই ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সবমিলিয়ে, রাজনৈতিক পটপরিবর্তনের সঙ্গে সঙ্গেই রাজ্যের চেনা দৃশ্যপট এবং সরকারি প্রতিষ্ঠানগুলির বাহ্যিক রূপেও বড় ধরনের বদল আসতে শুরু করেছে।
নবান্নের রঙে বদল: নীল-সাদাকে সরিয়ে বসল গেরুয়ার ছোঁয়া