আজ থেকে কলকাতা মেট্রোর ব্লু ও গ্রিন লাইনে আরও আগে থেকে শুরু হলো পাতাল রেলের চলাচল। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে মেট্রোর সময় এবং ট্রেনের সংখ্যা উভয়ই বাড়ানো হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, সোম থেকে শনিবার এই দুই লাইনে মেট্রো পরিষেবা শুরু হবে একেবারে ভোর ৬টা থেকে এবং শেষ মেট্রো পাওয়া যাবে রাত সাড়ে ১০টা পর্যন্ত। তবে এই বর্ধিত সময়ে যাতায়াত করার জন্য যাত্রীদের টিকিটের বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে।
রাত সাড়ে ১০টায় শেষ ট্রেন ছাড়লেও, টিকিট কাউন্টার বন্ধ হয়ে যাবে রাত ৯টা ২৫ মিনিটে। কাউন্টার বন্ধ হওয়ার পর স্টেশনে পৌঁছানো যাত্রীদের স্মার্ট কার্ড ব্যবহার করতে হবে অথবা মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট কাটতে হবে। রবিবার সাধারণ ছুটির দিন হওয়ায় মেট্রো চলাচল শুরু হবে একটু দেরিতে—সকাল ৯টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত।
সোম থেকে শনিবার এই দুই লাইনে মোট ২০টি অতিরিক্ত ট্রেন চালানো হবে। এর মধ্যে ব্লু লাইনে ১২টি এবং গ্রিন লাইনে ৮টি ট্রেন বাড়ার কথা রয়েছে। এছাড়া রবিবারেও দুই লাইনে মোট ৯টি অতিরিক্ত ট্রেন বাড়ানো হয়েছে।
মেট্রো কর্তৃপক্ষের এই পদক্ষেপে নিত্যযাত্রী ও অফিসযাত্রীদের যাতায়াত আরও অনেক বেশি সহজ ও সুবিধাজনক হবে বলে আশা করা হচ্ছে।
কলকাতা মেট্রো: ভোর ৬টা থেকে চালু নতুন সময়সূচি, কাউন্টার বন্ধের কী নিয়ম ?