ফলতার সেবাশ্রয় ক্যাম্পে ব্যাপক অনিয়মের অভিযোগ, ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজের ল্যাব রিপোর্ট ঘিরে চাঞ্চল্য

News Today By Tollywood Focus Kolkata Team | Published: Jul 26, 2026 | 3 mins read
ফলতার সেবাশ্রয় ক্যাম্পে ব্যাপক অনিয়মের অভিযোগ, ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজের ল্যাব রিপোর্ট ঘিরে চাঞ্চল্য
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আয়োজিত 'সেবাশ্রয়' ক্যাম্প নিয়ে রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে। ফলতার সেবাশ্রয় ক্যাম্পে একাধিক বেনিয়মের অভিযোগ সামনে এসেছে। অভিযোগ, ক্যাম্পের ভেতরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সরকারি ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজের ল্যাবে তৈরি অসংখ্য ল্যাবরেটরি রিপোর্ট ও চেস্ট এক্স-রে প্লেট।
সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, সরকারি হাসপাতালের ল্যাবের তৈরি ওই সমস্ত রিপোর্টে কোনো চিকিৎসকের নাম, সই বা রেজিস্ট্রেশন নম্বর নেই। এমনকি ওপিডি (আউটডোর) বা ওয়ার্ডের নামের জায়গায় উল্লেখ রয়েছে কেবল 'সেবা' শব্দটি, যা সেবাশ্রয় ক্যাম্পকে নির্দেশ করে। বেশিরভাগ রিপোর্টই চলতি বছরের জানুয়ারি মাসের এবং মূলত হেমাটোলজি বিভাগের। সরকারি ল্যাব থেকে রোগীদের রিপোর্ট তৈরি হলেও তা রোগীদের হাতে না দিয়ে ক্যাম্পের মাটিতে ছড়িয়ে থাকা নিয়ে বড় প্রশ্ন উঠেছে।
পাশাপাশি, ক্যাম্পে সই ও সিলমোহর দেওয়া একাধিক ফাঁকা কাগজও উদ্ধার হয়েছে। এর সঙ্গে ফলতার সেবাশ্রয় ক্যাম্পে একটি সুসজ্জিত শীতাতপ নিয়ন্ত্রিত 'অ্যান্টিচেম্বার' বা বিশেষ কক্ষের সন্ধান মিলেছে, যার সঙ্গে রয়েছে অ্যাটাচড বাথরুম। কে বা কারা এই বিলাসবহুল ঘর ব্যবহার করতেন, তা নিয়ে রহস্য ঘনীভূত হয়েছে। অন্যদিকে, সেবাশ্রয় ক্যাম্পের ডিগ্রিহীন চিকিৎসকদের জন্য একটি 'ম্যানুয়াল' ব্যবহার করা হতো বলে অভিযোগ, যেখানে বিভিন্ন রোগের ওষুধের ডোজ ও চিকিৎসার নির্দেশিকা লেখা থাকত।
এই চাঞ্চল্যকর ঘটনার পর নড়েচড়ে বসেছে স্বাস্থ্য ভবন। কার অনুমতিতে এবং কোন পরিস্থিতিতে সরকারি মেডিক্যাল কলেজ থেকে এই ধরনের রিপোর্ট তৈরি করা হলো এবং কেনই বা সেখানে চিকিৎসকদের নাম বা সই ছিল না, তা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে।