দেশের বিভিন্ন প্রান্তে ছাত্র আন্দোলনের ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। এর মধ্যেই মুম্বইয়ের রাস্তায় তোলা একটি ছবি ইন্টারনেট দুনিয়ায় দারুণভাবে ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, পুলিশের একটি বাসের সামনে একা বুক চিতিয়ে দাঁড়িয়ে রয়েছেন এক তরুণী। এক হাতেই তিনি থামিয়ে দিয়েছেন পুলিশের ভ্যানটি।
ভাইরাল হওয়া সেই ছবিতে তরুণীর পরণে রয়েছে হুডি ও টুপি। জানা গিয়েছে, এই লড়াকু তরুণীর নাম রিয়া অহির। তিনি পেশায় একজন মডেল এবং অভিনেত্রী। তাঁর এই অসামান্য সাহসিকতার জন্যই আজ তিনি দেশজুড়ে প্রশংসিত হচ্ছেন।
ঘটনাটি ঘটেছিল মুম্বইয়ের দাদরের কোহিনুর স্কোয়ারে। প্রত্যক্ষদর্শীদের মতে, পুলিশ যখন আন্দোলনরত ছাত্রছাত্রীদের ধরে বাসে তুলছিল, তখন রিয়া একা তাঁদের পথ আটকান। পুলিশ বারবার তাঁকে ধমক দিয়ে, ভয় দেখিয়ে এবং শেষে অনুনয়-বিনয় করে সরানোর চেষ্টা করলেও তিনি একচুলও নড়েননি। বাসে আটকে থাকা পড়ুয়াদের যতক্ষণ না মুক্তি দেওয়া হয়েছে, ততক্ষণ নিজের জায়গা থেকে সরেননি তিনি।
পুলিশের শত চেষ্টার সামনেও তাঁর এই অনড় অবস্থান এবং সাহসিকতা অবাক করেছে সকলকে। অন্যায় ও দমনের বিরুদ্ধে তাঁর এই বুক চিতিয়ে দাঁড়ানোর ছবিই তাঁকে আজ তরুণ প্রজন্মের আন্দোলনের অন্যতম এক মুখ করে তুলেছে। সাহসিকতার এই নজির গড়ার জন্য গোটা দেশ এখন তাঁকে কুর্নিশ জানাচ্ছে।
সাহসি তরুণী:মুম্বইয়ের রাস্তায় পুলিশ ভ্যান থামিয়ে ভাইরাল রিয়া অহির