NEET পরীক্ষার দুর্নীতির প্রতিবাদের জেরে কলকাতার ধর্মতলা চত্বরে হওয়া ধুন্ধুমার ও পুলিশি সংঘাতে কড়া পদক্ষেপের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। শুক্রবারের এই বিক্ষোভে বাম ছাত্র সংগঠনের মিছিল ঘিরে তীব্র উত্তেজনা ছড়ায়। ডোরিনা ক্রসিংয়ে পুলিশকে লক্ষ্য করে ইট, জুতো ও জলের বোতল ছোড়ার অভিযোগ ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করে। সংঘর্ষে আহত হন বেশ কয়েকজন সাংবাদিকও।
এই ঘটনায় হেয়ার স্ট্রিট ও এন্টালি থানায় মোট ৭টি মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর গুন্ডাদমন আইন প্রয়োগ করা হয়েছে।মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, এই ঘটনায় চিহ্নিত ৭০ জনের কেউই প্রকৃত ছাত্র নন। রাজাবাগানের আফরোজ, খিদিরপুরের নাহিদ এবং মোমিনপুরের তনভির ইকবালসহ একাধিক বহিরাগতকে চিহ্নিত করা হয়েছে।
গুন্ডাদের বিরুদ্ধে এমন কঠোর ব্যবস্থা নেওয়া হবে যা তাদের তিন পুরুষ ধরে মনে রাখবে, এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী।পুলিশের উপর আক্রমণ ও আইনশৃঙ্খলা ভঙ্গের এই ঘটনার তীব্র নিন্দা করে পরিস্থিতি কঠোরহস্তে দমনের বার্তা দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।
NEET-অশান্তি মামলা: ধর্মতলার ঘটনায় গুন্ডাদমন আইন প্রয়োগের নির্দেশ মুখ্যমন্ত্রীর