দীর্ঘ দুই দশক পর কলকাতায় ফিরলেন বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন। শুক্রবার দুপুর ১২টা ৫০ মিনিট নাগাদ তিনি কলকাতা বিমানবন্দরে পৌঁছান। সাদা রঙের লালপাড় শাড়ি পরে তিলোত্তমায় পা রেখে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। হাসিমুখে জানান, এই ফেরা তাঁর কাছে অত্যন্ত আনন্দের।
এর আগে শুক্রবার সকালেই সামাজিক মাধ্যমে তসলিমা লিখেছিলেন, ‘আজি এ প্রভাতে কলিকাতা অভিমুখে যাত্রা করিলাম।’ এরপরই তাঁর বিমানবন্দরে পৌঁছানোর খবর প্রকাশ্যে আসে। শনিবার রবীন্দ্রসদনে মৌলবাদ বিরোধী কবি-সাহিত্যিকদের একটি অনুষ্ঠানে তাঁর যোগ দেওয়ার কথা রয়েছে। সেক্যুলার মিশন এবং এইচআরবিএফএফ-এর আয়োজনে এই মঞ্চে উপস্থিত থাকতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও।
উল্লেখ্য, ২০০৭ সালে তসলিমার ‘দ্বিখণ্ডিত’ উপন্যাসের প্রকাশকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছিল কলকাতা। সে সময় কট্টরপন্থার বিরোধিতার জেরে সংখ্যালঘু এলাকায় অশান্তি ছড়ালে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা নামাতে হয়েছিল। তৎকালীন বাম সরকারের জমানায় বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশাসন বইটিতে নিষেধাজ্ঞা জারি করে এবং তসলিমা নাসরিনকে কলকাতা ছাড়তে বাধ্য করে। বাংলার সাহিত্য জগতে সেই অধ্যায়টিকে একটি অন্ধকার সময় হিসেবে দেখা হতো। মাঝে মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘ ১৫ বছর ক্ষমতায় থাকলেও তাঁকে ফেরানোর কোনো উদ্যোগ নেননি। তবে অবশেষে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বর্তমান সরকারের আমলে তাঁর এই প্রত্যাবর্তনকে বাংলার রাজনীতি ও সংস্কৃতির ক্ষেত্রে একটি নতুন অধ্যায় বলে মনে করছেন সংশ্লিষ্ট মহলের একাংশ।
অবশেষে দুই দশক পর কলকাতায় পা রাখলেন তসলিমা নাসরিন