ফের আইনি ঝামেলায় পড়েছেন জনপ্রিয় টলিউড অভিনেতা ও রাজনৈতিক ব্যক্তিত্ব সোহম চক্রবর্তী। তাঁর বিরুদ্ধে ৬৮ লক্ষ টাকা আত্মসাৎ, বিশ্বাসভঙ্গ এবং প্রাণনাশের হুমকির অভিযোগে চারু মার্কেট থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
'সোনাম মুভিজ'-এর কর্ণধার ও ব্যবসায়ী শেখ শাহিদ ইমাম গত ২৮ জুলাই ২০২৬ তারিখে এই লিখিত অভিযোগটি দায়ের করেন। অভিযোগে বলা হয়েছে, ২০২১ সালের ২৯ জুলাই 'মানিকজোড়' নামের একটি বাংলা সিনেমা তৈরির জন্য অভিনেতা সোহম চক্রবর্তী এবং অর্ঘ্য চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর একটি চুক্তি স্বাক্ষরিত হয়। সেই অনুযায়ী ব্যাংকের মাধ্যমে মোট ৬৮ লক্ষ টাকা বিনিয়োগও করা হয়েছিল।
তবে অভিযোগকারীর দাবি, এত বছর পেরিয়ে গেলেও সিনেমার শুটিং বা প্রি-প্রোডাকশনের কোনো কাজই শুরু হয়নি। এমনকি টাকা ফেরত চাইতে গেলে উল্টে তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে কলকাতার সাউথ সিটি মলের বেসমেন্টে তাঁকে ভয় দেখানো হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। সেই সময় সোহম চক্রবর্তী শাসক দলের বিধায়ক থাকায় ক্ষমতার প্রভাবে তিনি নিরাপত্তাহীনতায় ভুগেছিলেন এবং ভয়ে এতদিন আইনি পদক্ষেপ করতে পারেননি বলে জানান অভিযোগকারী।
বর্তমানে এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার (BNS) বিভিন্ন ধারায় প্রতারণা ও হুমকির অভিযোগে মামলা রুজু করে আইনি পদক্ষেপ নেওয়ার আর্জি জানানো হয়েছে।
অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে ৬৮ লক্ষ টাকার আর্থিক প্রতারণার অভিযোগ, থানায় এফআইআর দায়েরের আবেদন