অপারেশন থিয়েটারে চলছে চিকিৎসা, চারপাশে চিকিৎসক ও মেডিক্যাল টিম। এমন পরিস্থিতিতেও মুখে হাসি, গলায় গান! তীব্র শারীরিক যন্ত্রণার মধ্যেই মহম্মদ রফির কালজয়ী গান গেয়ে চমকে দিলেন সোনু নিগম। অপারেশন চলাকালীন তাঁর গান গাওয়ার সেই মুহূর্তের ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
সোনু যে গানটি গেয়েছেন, সেটি রফির জনপ্রিয় ‘সুহানি রাত ঢল চুকি’। ১৯৪৯ সালের ‘দুলারি’ ছবির এই গানটি সোনুর কাছেও বিশেষ প্রিয়। হাসপাতালের সেই কঠিন মুহূর্তে চিকিৎসক ডক্টর নীলেশ সাতভাই এবং তাঁর টিমের উদ্দেশেই গানটি নিবেদন করেন তিনি। নিজের পোস্টে সোনু জানান, যন্ত্রণার মধ্যেও গান গাওয়ার আনন্দ আলাদা।
কিন্তু ঠিক কী কারণে অস্ত্রোপচারের প্রয়োজন হল গায়কের? সোনু নিজেই জানিয়েছিলেন, তিনি ‘পিনচড নার্ভ’-এর সমস্যায় ভুগছেন। গত কয়েক সপ্তাহ ধরে এই সমস্যার কারণে তাঁকে একাধিক পরীক্ষা-নিরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়েছে। MRI ও CT স্ক্যানের পাশাপাশি চলেছে চিকিৎসা ও ফিজিওথেরাপি। ফিজিওথেরাপি অত্যন্ত যন্ত্রণাদায়ক হওয়ায় ব্যথা কমাতে তাঁকে পেইনকিলারও নিতে হয়েছে। ওষুধের প্রভাবে তাঁর গলাও কিছুটা ভারী হয়ে গিয়েছিল।
শারীরিক অসুস্থতা সত্ত্বেও কাজ থেকে নিজেকে সরিয়ে রাখেননি সোনু। বরং কঠিন সময়েও মঞ্চে পারফর্ম করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। এবার অপারেশন থিয়েটারেও তাঁর সেই সঙ্গীতপ্রেমেরই দেখা মিলল। যন্ত্রণার মাঝেও রফির গান গেয়ে ফের একবার বুঝিয়ে দিলেন—সঙ্গীত তাঁর কাছে শুধু পেশা নয়, বেঁচে থাকার শক্তিও।
অপারেশন টেবিলেই রফির গান! তীব্র যন্ত্রণার মাঝেও সুরে মজে সোনু নিগম