তিলোত্তমার স্মৃতিতে শ্রদ্ধা, পানিহাটিতে শুভেন্দু

News Today By Tollywood Focus Kolkata Team | Published: Aug 09, 2026 | 2 mins read
তিলোত্তমার স্মৃতিতে শ্রদ্ধা, পানিহাটিতে শুভেন্দু
আর জি করের তরুণী চিকিৎসক ‘তিলোত্তমা’র মৃত্যুর দু’বছর পূর্ণ হল রবিবার। সেই উপলক্ষে রাজ্যজুড়ে সরকারি উদ্যোগে স্মরণ কর্মসূচির আয়োজন করা হয়। পানিহাটির লোকসংস্কৃতি ভবনেও তিলোত্তমা স্মরণে বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

এদিন রাজ্যের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে সকাল ১১টা থেকে দুই মিনিট নীরবতা পালন এবং প্রদীপ জ্বালিয়ে তিলোত্তমাকে স্মরণ করার কর্মসূচি নেওয়া হয়। একইসঙ্গে পানিহাটিতে আয়োজিত স্মরণসভাতেও উঠে আসে দু’বছর আগের সেই মর্মান্তিক ঘটনার প্রসঙ্গ।

পানিহাটির মঞ্চ থেকেই আরজি করের ঘটনায় নতুন করে তদন্তের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। তিলোত্তমার শেষকৃত্য দ্রুত সম্পন্ন করা হয়েছিল কেন, তা নিয়ে প্রশ্ন তুলে শুভেন্দু অধিকারী বারাকপুরের পুলিশ কমিশনারকে তদন্ত শুরু করার নির্দেশ দেন। তাঁর বক্তব্য, শেষকৃত্যের ক্ষেত্রে কেন এত তৎপরতা দেখানো হয়েছিল, তা খতিয়ে দেখা প্রয়োজন। এই ঘটনায় তৎকালীন সময়ে দায়িত্বে থাকা ব্যক্তিদের ভূমিকা নিয়েও তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

দু’বছর পরও তিলোত্তমার স্মৃতি যে রাজ্যের মানুষের মনে গভীরভাবে রয়ে গিয়েছে, এদিনের কর্মসূচি তারই প্রতিফলন। সরকারি স্তরে প্রথমবার রাজ্যজুড়ে তিলোত্তমা স্মরণকে ঘিরে হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র এবং বিভিন্ন জায়গায় একযোগে কর্মসূচি পালিত হয়।

তিলোত্তমার বিচার ও ঘটনার পূর্ণাঙ্গ সত্য সামনে আনার দাবিই এদিনের স্মরণ কর্মসূচির মূল সুর হয়ে ওঠে।