শ্রীলঙ্কার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজের আগেই বড়সড় চোট-সমস্যায় ভারতীয় ক্রিকেট। একাধিক তারকা ক্রিকেটার চোটের কারণে মাঠের বাইরে। পরিস্থিতি এতটাই উদ্বেগজনক যে, দলের চোট-পরিস্থিতি খতিয়ে দেখতে বেঙ্গালুরুর BCCI Centre of Excellence-এ বৈঠকে বসতে চলেছেন বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া এবং হেড অফ ক্রিকেট ভিভিএস লক্ষ্মণ।
সবচেয়ে বেশি চিন্তা জসপ্রীত বুমরাকে নিয়ে। হাঁটুর চোট এখনও পুরোপুরি সারেনি তাঁর। রিপোর্ট অনুযায়ী, হাঁটুতে ফোলা এবং তরল জমার সমস্যাও রয়েছে। ফলে শ্রীলঙ্কা সিরিজে তাঁর খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। সাই সুদর্শনের বাঁ পায়ের বুড়ো আঙুলের চোটও এখনও পুরোপুরি ঠিক হয়নি। দীর্ঘ সময় ব্যাটিং অনুশীলন করলেও ব্যথা থাকায় তাঁকে নিয়ে ঝুঁকি নিতে চাইছে না টিম ম্যানেজমেন্ট।
চোটের তালিকায় রয়েছেন হর্ষিত রানা, নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, আকাশ দীপ, হার্দিক পাণ্ডিয়া, বরুণ চক্রবর্তী এবং প্রিন্স যাদবও। বিভিন্ন ধরনের পেশির চোট, হ্যামস্ট্রিং সমস্যা এবং স্ট্রেস ইনজুরির কারণে তাঁরা মাঠের বাইরে বা রিহ্যাবে রয়েছেন।
এই পরিস্থিতিতে নজরে এসেছে CoE-র স্পোর্টস সায়েন্স ও রিহ্যাব ব্যবস্থাপনাও। চোট থেকে ফেরার সময়সীমা এবং ক্রিকেটারদের ফিটনেস ছাড়পত্র নিয়ে নির্বাচক কমিটি ও CoE-র মধ্যে মতপার্থক্যের খবরও সামনে এসেছে।
বেঙ্গালুরুতে সাইকিয়া-লক্ষ্মণের বৈঠকে চোট ব্যবস্থাপনা, রিহ্যাব প্রক্রিয়া এবং ক্রিকেটারদের মাঠে ফেরানোর পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা। ভারতের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ—চোটের ধাক্কা সামলে গুরুত্বপূর্ণ সিরিজের জন্য পূর্ণ শক্তির দল তৈরি করা।
চোটের জেরে বেহাল ইন্ডিয়ান ক্রিকেট টিম !