দেখতে দেখতে পেরিয়ে গেল দু’বছর। ২০২৪ সালের ৯ আগস্ট আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার স্মৃতি আজও তাজা। সেই ঘটনার দু’বছর পূর্তিতে রবিবার সকাল ১১টায় রাজ্যের বিভিন্ন সরকারি স্বাস্থ্যকেন্দ্রের পাশাপাশি আরজি কর হাসপাতালেও পালন করা হল দু’মিনিটের নীরবতা। নির্যাতিতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে হাসপাতালের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও আধিকারিকরা এই কর্মসূচিতে অংশ নেন।
নির্ধারিত সময়ের আগে হাসপাতাল চত্বরে প্রদীপ জ্বালিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর সকাল ১১টায় ‘অভয়া’র স্মরণে নীরব হয়ে যায় হাসপাতাল চত্বর। সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমের চিকিৎসক এবং নার্সদের একাংশও এই স্মরণ কর্মসূচিতে যোগ দেন।
এদিন আরজি কর হাসপাতালে উপস্থিত ছিলেন প্রাক্তন তৃণমূল নেতা ও চিকিৎসক ডা. শান্তনু সেন। ‘Cry of the Hour’-এর সামনে দাঁড়িয়ে চিকিৎসক, নার্সিং স্টাফ ও আধিকারিকদের সঙ্গে তিনিও শ্রদ্ধা জানান। তাঁর উপস্থিতি ঘিরে অবশ্য নতুন করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।
আরজি কর-কাণ্ডের পর প্রকাশ্যে মুখ খোলার কারণে তৎকালীন তৃণমূলের মুখপাত্রের পদ হারিয়েছিলেন শান্তনু সেন। পরবর্তী সময়ে দলের সঙ্গে তাঁর দূরত্বও বাড়ে। এদিন তাঁর হাসপাতালে উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূলের কুণাল ঘোষ। তাঁর বক্তব্য, শান্তনু সেন কেন সিবিআইয়ের কাছে গিয়ে বক্তব্য জানাননি বা আদালতে গিয়ে মামলায় পক্ষ হননি—তা নিয়েও প্রশ্ন রয়েছে।
দু’বছর পরও আরজি করের সেই ঘটনা শুধু স্মৃতি নয়, বিচার, নিরাপত্তা এবং স্বাস্থ্যক্ষেত্রে কর্মপরিবেশ নিয়ে একাধিক প্রশ্নের প্রতীক হয়ে রয়েছে।
দু’বছর পরও স্মৃতিতে ‘অভয়া’, আরজি করে নীরবতা পালন; হাজির শান্তনু সেন