হালিশহরে মমতাকে ঘিরে বিক্ষোভ, উঠল ‘চোর’ স্লোগান

News Today By Tollywood Focus Kolkata Team | Published: Aug 09, 2026 | 2 mins read
হালিশহরে মমতাকে ঘিরে বিক্ষোভ, উঠল ‘চোর’ স্লোগান
হালিশহরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি ঘিরে রবিবার ব্যাপক উত্তেজনা ছড়াল। ভূতবাগান এলাকায় মৃত বিরজু কেওতের পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে তাঁর কনভয় আটকে বিক্ষোভ দেখান স্থানীয়দের একাংশ। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, মমতার গাড়ি লক্ষ্য করে কাদা, জল, জুতো এবং পাথর ছোড়ার অভিযোগ ওঠে। বিক্ষোভকারীদের একাংশকে ‘চোর’ স্লোগান দিতেও শোনা যায়।

ঘটনার সূত্রপাত বিরজু কেওতের মৃত্যু ঘিরে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার করা হয়েছিল তাঁকে। আদালত তাঁকে পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়ার পর অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে কল্যাণীর জেএনএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁর মৃত্যু হয়। এই মৃত্যুকে ঘিরে এলাকায় ক্ষোভ তৈরি হয়েছে।

বিরজু কেওত কাঁচরাপাড়া পুরসভার প্রাক্তন পুরপ্রধান কমল অধিকারীর ঘনিষ্ঠ ছিলেন বলে স্থানীয় সূত্রে দাবি। তাঁর মৃত্যুর পরই পরিবারের সঙ্গে দেখা করতে ভূতবাগানে পৌঁছন মমতা। কিন্তু সেখানে তাঁকে ঘিরে তীব্র বিক্ষোভ শুরু হয়। পুলিশের পাশাপাশি র‌্যাফ পরিস্থিতি নিয়ন্ত্রণে নামলেও উত্তেজনা পুরোপুরি কমেনি।

মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, তাঁর কনভয়কে লক্ষ্য করে ইট-পাথর ছোড়া হয়েছে এবং অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয়েছে। তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানান এবং অভিযোগ করেন, বাইরে থেকে বিজেপি-ঘনিষ্ঠ লুম্পেনদের এনে বিক্ষোভ করানো হয়েছে।

অন্যদিকে, তৃণমূলের পক্ষ থেকে বিরজুর মৃত্যুকে ‘কাস্টডিয়াল ডেথ’ বলে দাবি করে তদন্ত ও বিচারের দাবি জানানো হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে হালিশহরে রাজনৈতিক উত্তেজনা আরও তীব্র হয়েছে।