অবশেষে স্বস্তির খবর। বেশ কয়েকদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বাড়ি ফিরেছেন বর্ষীয়ান অভিনেতা রাজেশ শর্মা। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আপাতত তিনি এক সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকবেন। অভিনেতার ঘনিষ্ঠ সূত্রের দাবি, আগের তুলনায় তিনি অনেকটাই সুস্থ এবং দ্রুত স্বাভাবিক জীবনে ফিরছেন। ফলে অনুরাগীদের মধ্যে উদ্বেগও অনেকটাই কেটেছে।
অভিনেতার সহকারী জানিয়েছেন, শুক্রবার তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। আগামী কয়েকদিন বাড়িতেই চিকিৎসকদের নির্দেশ মেনে বিশ্রাম নেবেন তিনি। এরপর সব কিছু ঠিক থাকলে ফের শুটিংয়ে ফিরবেন রাজেশ। আগামী ২ আগস্ট একটি আন্তর্জাতিক প্রজেক্টের শুটিংয়ের জন্য লন্ডনে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর। সেখানে একটি ছবির কাজ শেষ করে পরে মুম্বইয়ে আরও একটি হিন্দি ছবির শুটিংয়ে যোগ দেওয়ার কথা রয়েছে।
রাজেশ শর্মার অসুস্থতা নিয়ে গত কয়েকদিনে নানা জল্পনা ছড়িয়েছিল। প্রথমে দাবি করা হয়েছিল, বিষাক্ত মাকড়সার কামড়ে গুরুতর সংক্রমণ হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। তবে পরে অভিনেতার পক্ষ থেকে সেই খবর সম্পূর্ণ ভুল বলে জানানো হয়।
ঘনিষ্ঠ সূত্রের ব্যাখ্যা অনুযায়ী, হায়দ্রাবাদে শুটিং চলাকালীন কোনও দুর্ঘটনা ঘটেনি। কলকাতায় ফেরার কয়েকদিন পর আচমকাই তাঁর পায়ে সংক্রমণ দেখা দেয়। দীর্ঘদিন রক্তে শর্করার সমস্যার কারণে সেই সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ে। পায়ে চুলকানোর ফলে ত্বকে ক্ষত তৈরি হয়েছিল, সেখান থেকেই সমস্যার সূত্রপাত। তবে সংক্রমণ শরীরের ভিতরে ছড়ায়নি বলেই চিকিৎসকরা জানিয়েছেন।
বর্তমানে রাজেশ শর্মার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় চিকিৎসকরাও আশাবাদী। বিশ্রাম এবং প্রয়োজনীয় চিকিৎসা সম্পূর্ণ হলে তিনি আবারও ক্যামেরার সামনে ফিরবেন। তাঁর দ্রুত আরোগ্যের খবরে স্বস্তি প্রকাশ করেছেন অনুরাগী থেকে শুরু করে টলিউড ও বলিউডের সহকর্মীরাও।
হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন রাজেশ শর্মা, বিশ্রামের পর ফের ক্যামেরার সামনে অভিনেতা