শুটিং চলাকালীন দুর্ঘটনা বা আকস্মিক অসুস্থতার মতো ঝুঁকি সামলাতে শিল্পীদের জন্য বিশেষ স্বাস্থ্যসুরক্ষা প্রকল্প চালু করতে চলেছে আর্টিস্ট ফোরাম। প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের স্মৃতিকে সম্মান জানিয়ে এই উদ্যোগের নাম রাখা হয়েছে ‘অরুণোদয় হেলথ কার্ড’। সংগঠনের আশা, ভবিষ্যতে এমন কোনও বিপদের মুখে পড়লে শিল্পীরা দ্রুত চিকিৎসা পরিষেবা পেয়ে আরও সুরক্ষিত থাকবেন।
সম্প্রতি আয়োজিত আর্টিস্ট ফোরামের ‘শ্রদ্ধাঞ্জলি’ অনুষ্ঠানে এই প্রকল্পের আনুষ্ঠানিক ঘোষণা করা হয়। অনুষ্ঠানে বাংলা চলচ্চিত্র ও টেলিভিশন জগতের বহু প্রবীণ শিল্পীকে সংবর্ধনা জানানো হয়। সেই মঞ্চ থেকেই জানানো হয়, শিল্পীদের স্বাস্থ্য সুরক্ষাকে আরও শক্তিশালী করতে এই বিশেষ কার্ড চালু করা হচ্ছে।
ফোরামের তরফে জানানো হয়েছে, শুটিং সেটে কাজ করার সময় কোনও অভিনেতা বা অভিনেত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়লে কিংবা দুর্ঘটনার শিকার হলে এই কার্ডের মাধ্যমে দ্রুত চিকিৎসা সুবিধা পাওয়া যাবে। নির্দিষ্ট একটি শীর্ষস্থানীয় হাসপাতালের সহযোগিতায় চিকিৎসকের পরামর্শ, হাসপাতালে ভর্তি, জরুরি চিকিৎসা এবং প্রয়োজন হলে সেটেই প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও থাকবে। পাশাপাশি চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন পরিষেবায় বিশেষ আর্থিক ছাড়ের সুবিধাও দেওয়া হবে।
শুধু শিল্পীরাই নন, তাঁদের পরিবারের সদস্যরাও এই স্বাস্থ্য পরিষেবার আওতায় কিছু সুবিধা পাবেন বলে জানিয়েছে সংগঠন। ভবিষ্যতে এই প্রকল্পে আরও নতুন সুযোগ-সুবিধা যুক্ত করার পরিকল্পনাও রয়েছে।
উল্লেখ্য, ধারাবাহিক ‘ভোলেবাবা পার করেগা’-র শুটিং চলাকালীন তালসারির সমুদ্রে দুর্ঘটনায় প্রাণ হারান অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। তাঁর অকাল মৃত্যু গোটা টলিপাড়াকে নাড়া দিয়েছিল। সেই ঘটনার পর থেকেই শিল্পীদের নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।
আর্টিস্ট ফোরামের এই উদ্যোগ সেই ভাবনারই বাস্তব রূপ বলে মনে করছেন অনেকেই। সংগঠনের বক্তব্য, শিল্পীরা যাতে নিশ্চিন্তে কাজ করতে পারেন এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত চিকিৎসা পান, সেই লক্ষ্যেই ‘অরুণোদয় হেলথ কার্ড’ চালু করা হচ্ছে। রাহুলের স্মৃতিকে সম্মান জানানোর পাশাপাশি ভবিষ্যতে শিল্পীদের পাশে থাকার বার্তাও বহন করবে এই উদ্যোগ।
রাহুলের স্মৃতিতে শিল্পীদের জন্য ‘অরুণোদয় হেলথ কার্ড’, নতুন উদ্যোগ আর্টিস্ট ফোরামের