আন্তর্জাতিক মঞ্চে আরও একবার উজ্জ্বল হল বাংলা সিনেমা। জার্মানির ২৩তম ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব স্টুটগার্ট-এ ‘শুটিং স্টার অ্যাওয়ার্ড’-এ সম্মানিত হলেন অভিনেতা অমর্ত্য রায়। চৈতি ঘোষাল পরিচালিত বাংলা ছবি নেভারমাইন্ড-এ অভিনয়ের জন্যেই তার এই স্বীকৃতি।
এই আন্তর্জাতিক সম্মান পেয়ে অমর্ত্য রায় জানান, তাঁর কাছে প্রতিটি স্বীকৃতিই আরও ভালো কাজ করার অনুপ্রেরণা। উৎসব কর্তৃপক্ষের তরফে তার অভিনয়ের পাশাপাশি অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা হিসেবে দীর্ঘদিনের সৃজনশীল যাত্রাকেও বিশেষভাবে তুলে ধরা হয়েছে। উড়নচণ্ডী, ময়দান এবং ২২ ইয়ার্ডস-এর মতো কাজের উল্লেখও করা হয়েছে সম্মাননার উদ্ধৃতিতে।
অমর্ত্য জানান, একেবারে সাধারণ একটি দিনের মতোই বাড়িতে ছিলেন তিনি। সেই সময়েই উৎসব কমিটির পাঠানো ই-মেলে এই পুরস্কারের খবর জানতে পারেন। হঠাৎ পাওয়া এই স্বীকৃতি তাঁর কাছে বড় চমক হলেও নিঃসন্দেহে তা অত্যন্ত আনন্দের মুহূর্ত।
শুধু নেভারমাইন্ড নয়, অমর্ত্য রায় পরিচালিত তথ্যচিত্র ‘You in This City, This City Inside You’-ও স্টুটগার্ট উৎসবে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে। এর আগে তথ্যচিত্রটি সুইজারল্যান্ড, দক্ষিণ কোরিয়া এবং জার্মানির একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে।
চলতি মাসের শেষের দিকে পরিচালক চৈতি ঘোষালের সঙ্গে জার্মানি যাওয়ার কথা রয়েছে অমর্ত্য রায়ের। সেখানে তিনি একদিকে অভিনেতা, অন্যদিকে নির্মাতা—দু'টি ভূমিকাতেই ভারতের প্রতিনিধিত্ব করবেন। আন্তর্জাতিক এই স্বীকৃতি শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয়, বাংলা চলচ্চিত্রের জন্যও একটি গুরুত্বপূর্ণ অর্জন বলে মনে করছেন সিনেমাপ্রেমীরা।
জার্মানিতে আন্তর্জাতিক সম্মানে ভূষিত অমর্ত্য রায়, স্টুটগার্টে উজ্জ্বল বাংলার মুখ