রাজ্যসভার সাংসদ পদ ছাড়লেন কোয়েল মল্লিক, রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জোর জল্পনা

Celebrity By Tollywood Focus Kolkata Team | Published: Jul 19, 2026 | 2 mins read
রাজ্যসভার সাংসদ পদ ছাড়লেন কোয়েল মল্লিক, রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জোর জল্পনা
রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন কোয়েল মল্লিক। বৃহস্পতিবার তিনি রাজ্যসভার চেয়ারম্যান সি. পি. রাধাকৃষ্ণনের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। এই পদক্ষেপের পর পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে নতুন করে শুরু হয়েছে জোর জল্পনা। বিশেষ করে বিজেপির শীর্ষ নেতা ভূপেন্দ্র যাদবের সঙ্গে তাঁর সাক্ষাতের খবর সামনে আসতেই তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও এই বিষয়ে কোয়েল মল্লিকের তরফে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

চলতি বছরের ৬ এপ্রিল রাজ্যসভার সাংসদ হিসেবে শপথ নিয়েছিলেন কোয়েল। মাত্র কয়েক মাসের মধ্যেই তাঁর পদত্যাগ রাজনৈতিক মহলে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। জানা গিয়েছে, এর আগেও তিনি ই-মেলের মাধ্যমে পদত্যাগপত্র পাঠানোর চেষ্টা করেছিলেন। তবে সংসদের নিয়ম অনুযায়ী ব্যক্তিগতভাবে উপস্থিত থেকে ইস্তফা জমা দেওয়া বাধ্যতামূলক হওয়ায় সেই প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি। সে সময় তিনি বিদেশে থাকায় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে কিছুটা দেরি হয়।

এর আগে তৃণমূল কংগ্রেসের টিকিটে নির্বাচিত রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেবসহ অনেকেই পদত্যাগ করেছিলেন। কোয়েলের ইস্তফার পর রাজ্যসভায় তৃণমূলের সাংসদ সংখ্যা কমে দাঁড়িয়েছে ৯-এ। এই আবহে কোয়েল মল্লিকের এই সিদ্ধান্তকে ঘিরে জল্পনা আরও বেড়েছে। রাজনৈতিক মহলের একাংশের ধারণা, আগামী দিনে কোয়েলের পদত্যাগের পর রাজ্যসভার সমীকরণ এবং পশ্চিমবঙ্গের রাজনীতিতে আরও পরিবর্তন আসতে পারে। এখন নজর তার পরবর্তী পদক্ষেপের দিকেই।