প্লাস্টিকের ১০ ও ২০ টাকার নোট আনছে রিজার্ভ ব্যাংক, শুরু হচ্ছে পরীক্ষামূলক ব্যবহার

News Today By Tollywood Focus Kolkata Team | Published: Jul 29, 2026 | 2 mins read
প্লাস্টিকের ১০ ও ২০ টাকার নোট আনছে রিজার্ভ ব্যাংক, শুরু হচ্ছে পরীক্ষামূলক ব্যবহার
খুব শীঘ্রই ভারতের বাজারে কাগজের নোটের পরিবর্তে আসতে চলেছে প্লাস্টিক বা পলিমারে তৈরি নোট। রিজার্ভ ব্যাংকের এই পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সাল থেকেই দেশের বাজারে প্রথম পর্যায়ে ১০ ও ২০ টাকার পলিমার নোট চালু হতে চলেছে। কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের পক্ষ থেকে ইতিমধ্যেই এই প্রস্তাবে আনুষ্ঠানিক সম্মতি দেওয়া হয়েছে।
সোমবার লোকসভায় এক লিখিত প্রশ্নের উত্তরে অর্থ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী পঙ্কজ চৌধুরী জানান, পরীক্ষামূলকভাবে বাজারে ছাড়ার জন্য ১০ ও ২০ টাকার মোট ২০০ কোটি প্লাস্টিক নোট চালুর প্রস্তাব দিয়েছিল রিজার্ভ ব্যাংক। সেই প্রস্তাবেই সিলমোহর দিয়েছে মন্ত্রক। এই বিশেষ নোট তৈরির প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহের জন্য ইতিমধ্যেই বিশ্বজুড়ে টেন্ডার বা দরপত্র ডাকা হয়েছে।
আর্থিক মহলের ধারণা, সাধারণ কাগজের নোটের তুলনায় পলিমার বা প্লাস্টিকের তৈরি নোট অনেক বেশি টেকসই হয় এবং জল বা ময়লা লাগ সহজে নষ্ট হয় না। ফলে এই নোট অনেক বেশি দিন টিকবে। পরীক্ষামূলকভাবে চালু হওয়া এই দশ ও কুড়ি টাকার পলিমার নোটের ব্যবহার সফল হলে, আগামী দিনে ৫০, ১০০ এবং ৫০০ টাকার মতো বড় নোটগুলিও প্লাস্টিকের তৈরি করার পরিকল্পনা রয়েছে।