পুর নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল কংগ্রেসের বিধায়ক মদন মিত্রকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বুধবার সকালে কলকাতার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন তিনি। গাড়ি থেকে নেমে আত্মবিশ্বাসী মেজাজে মদন মিত্র পরিষ্কার জানিয়ে দেন, তিনি কোনো দুর্নীতির সঙ্গে জড়িত নন এবং তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করবেন।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "ইডি আমাকে ডেকেছে, আমি সমস্ত প্রশ্নের উত্তর দেব। আমি কোনো দুর্নীতির সঙ্গে জড়িত নই। যা বলার, তদন্তকারীদের মুখোমুখি বসে বলব।"
এর আগে গত সপ্তাহে এই মামলার তদন্তে মদন মিত্রের স্ত্রী অর্চনা মিত্র এবং দুই ছেলে শুভরূপ ও স্বরূপ মিত্রকে সিজিও কমপ্লেক্সে ডেকে জিজ্ঞাসাবাদ করেছিল কেন্দ্রীয় সংস্থা। তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ, আয়কর রিটার্ন এবং আর্থিক লেনদেনের হিসেব চেয়েছিল ইডি।
ইডি সূত্রে জানা গিয়েছে, পুর নিয়োগ প্রক্রিয়ায় প্রায় ১২৫ জনকে বেআইনিভাবে চাকরি দেওয়ার অভিযোগ রয়েছে। চাকরি দেওয়ার নাম করে প্রার্থীদের কাছ থেকে কোটি কোটি টাকা ঘুষ নেওয়া হয়েছিল বলে অভিযোগ। কামারহাটি পুরসভার নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম ও আর্থিক লেনদেনের তথ্য খতিয়ে দেখছেন তদন্তকারীরা। সেই টাকার উৎস ও গতিপথ এবং এর সঙ্গে যুক্ত ব্যক্তিদের ভূমিকা স্পষ্ট করতেই এবার খোদ বিধায়ককে জেরা করা হচ্ছে। মদন মিত্রের আজকের এই হাজিরা ও তাঁর দেওয়া তথ্য মামলার তদন্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে মনে করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত নই, ইডির তলবে সিজিও কমপ্লেক্সে পৌঁছে দাবি মদন মিত্রের