পেট্রলে ইথানল মিশ্রণের বিরুদ্ধে নতুন ঝড়: কাঁকড়াকে প্রতীক করে আসরে ‘ইজেপি’, বিপাকে নিতিন গডকড়ী?

News Today By Tollywood Focus Kolkata Team | Published: Jul 27, 2026 | 2 mins read
পেট্রলে ইথানল মিশ্রণের বিরুদ্ধে নতুন ঝড়: কাঁকড়াকে প্রতীক করে আসরে ‘ইজেপি’, বিপাকে নিতিন গডকড়ী?
ধর্মেন্দ্র প্রধানের পর এ বার কি তবে বিক্ষোভের মুখে পড়তে চলেছেন কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নিতিন গডকড়ী? পেট্রলে ইথানল মেশানোর বিরুদ্ধে ‘ককরোচ জনতা পার্টি’র (সিজিপি) সাফল্যের পথ অনুসরণ করে আত্মপ্রকাশ করেছে নতুন এক আন্দোলন— ‘ই-২০ জনতা পার্টি’ বা ইজেপি।
‘কাঁকড়া’কে প্রতীক হিসেবে বেছে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে এই নতুন সংগঠন। তাদের মূল দাবি, পেট্রলে ইথানল মিশ্রণের নীতিতে স্বচ্ছতা আনতে হবে এবং গডকড়ীকে পদত্যাগ করতে হবে। আন্দোলনকারীদের অভিযোগ, ইথানলযুক্ত পেট্রলের কারণে গাড়ির মাইলেজ কমে যাচ্ছে, ইঞ্জিনের ক্ষতি হচ্ছে এবং রক্ষণাবেক্ষণের খরচ বাড়ছে। তাঁরা সাধারণ গ্রাহকদের জন্য ১০০ শতাংশ বিশুদ্ধ পেট্রল কেনার স্বাধীনতা এবং স্বাধীন সমীক্ষার দাবি জানিয়েছেন।
ইজেপি-র অনুসারীর সংখ্যা সোশ্যাল মিডিয়ায় দ্রুত বাড়ছে। যদিও সংগঠনের নেপথ্যে কারা আছেন, তা এখনও স্পষ্ট নয়। এর আগে পেট্রল-ডিজেলের লাগামছাড়া দাম নিয়ে ধর্মেন্দ্র প্রধানকে নিশানা করেছিল সিজিপি। এ বার ইজেপি-র আন্দোলন ইথানল নীতি নিয়ে মোদী সরকারকে নতুন করে চাপে ফেলছে। আগামী দিনে এই বিষয়ে দিল্লির রাজপথেও প্রতিবাদের ডাক দিয়েছে বিভিন্ন পরিবহণ সংগঠন।