তৃণমূল কংগ্রেসে বিদ্রোহ ঘোষণা এবং এনসিপিআই-এ (NCPI) যোগ দেওয়ার পর থেকেই রাজ্য রাজনীতিতে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। এই আবহে আরও এক ধাপ এগিয়ে সরাসরি কেন্দ্রের শাসকজোট এনডিএ-র (NDA) বিশেষ বৈঠকে যোগ দিলেন তৃণমূলের বিদ্রোহী সাংসদরা। মঙ্গলবার দিল্লির এই 'মঙ্গল মিলন' বৈঠক ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে।
এদিনের বৈঠকে যোগ দিতে আসেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। তাঁর সঙ্গেই বৈঠকে উপস্থিত ছিলেন শতাব্দী রায়, সায়নী ঘোষ, শর্মিলা সরকার ও রচনা বন্দ্যোপাধ্যায়ের মতো সাংসদরা। বৈঠক শুরুর আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কাকলি ঘোষ দস্তিদার রহস্য জিইয়ে রেখে বলেন, "দাঁড়ান বৈঠকটা হোক, তারপর কথা বলি? দেখা যাক কী হয়।"
সবচেয়ে বেশি চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে বৈঠকের ভিতরের বসার বিন্যাস। দেখা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংদের সঙ্গেই একেবারে প্রথম সারিতে আসন পেয়েছেন কাকলি ঘোষ দস্তিদার। অতীতে লোকসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য বরাদ্দ আসনে এখন এনসিপিআই-এর দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় স্থান পেলেও, এনডিএ বৈঠকে কাকলির এই প্রথম সারিতে বসা বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
যদিও এখনও পর্যন্ত কাকলি ঘোষ দস্তিদার বা অন্য কোনো বিদ্রোহী সাংসদের পক্ষ থেকে সরাসরি বিজেপিতে যোগদানের কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। তবে এনডিএ নেতৃত্বের সঙ্গে তাঁদের এই ঘনিষ্ঠ যোগাযোগ আগামী দিনে বাংলার রাজনীতিতে নতুন কোনো সমীকরণ তৈরি করে কি না, সেটাই এখন দেখার বিষয়।
মঙ্গল মিলন এ কাকুলি দের ডাক! থাকবেন শুভেন্দু