নিট বিক্ষোভের সময় প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট: ‘এক্স’-সহ বিভিন্ন সংস্থার কাছে তথ্য তলব করল দিল্লি পুলিশ

News Today By Tollywood Focus Kolkata Team | Published: Jul 29, 2026 | 2 mins read
নিট বিক্ষোভের সময় প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট: ‘এক্স’-সহ বিভিন্ন সংস্থার কাছে তথ্য তলব করল দিল্লি পুলিশ
নিট পরীক্ষার বিক্ষোভের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আপত্তিকর পোস্ট ও ভিডিয়ো ছড়ানোর ঘটনায় কড়া পদক্ষেপ করেছে দিল্লি পুলিশ। এই বিষয়ে ‘এক্স’ (পূর্বতন টুইটার) সহ বিভিন্ন সমাজমাধ্যম সংস্থা এবং নিউজ পোর্টালকে নোটিস পাঠানো হয়েছে।
সূত্রের খবর, একটি অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই এফআইআর দায়ের করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, প্রধানমন্ত্রীকে নিশানা করে একাধিক অসম্মানজনক পোস্ট এখনও অনলাইনে ঘুরছে, যা অবিলম্বে অপসারণ করা প্রয়োজন। এর পরেই দিল্লি পুলিশ ‘এক্স’-কে নোটিস পাঠিয়ে ওই পোস্টগুলি দ্রুত মুছে ফেলার নির্দেশ দিয়েছে। পাশাপাশি, যে সমস্ত অ্যাকাউন্ট থেকে এই ধরনের আপত্তিকর বিষয়বস্তু শেয়ার করা হয়েছে, সেই অ্যাকাউন্ট হোল্ডারদের নাম, ঠিকানা এবং লগইন-লগআউটের বিশদ তথ্য তলব করা হয়েছে। তবে ঠিক কতগুলি অ্যাকাউন্টকে এই নোটিস পাঠানো হয়েছে, সেই সংখ্যাটি এখনও স্পষ্ট নয়।
উল্লেখ্য, সম্প্রতি যন্তর মন্তরে নিট বিক্ষোভের সময় নানা ধরনের স্লোগান, ব্যাঙ্গাত্মক পোস্টার এবং মিম ছড়িয়ে পড়েছিল, যার একটি বড় অংশে নিশানা করা হয়েছিল প্রধানমন্ত্রী ও কেন্দ্র সরকারকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই আন্দোলনকে কেন্দ্র করে ছড়ানো বিভ্রান্তিকর তথ্য ও পোস্টগুলি নিয়মিত খতিয়ে দেখা হচ্ছে। এর আগে দিল্লি পুলিশ জানিয়েছিল যে, বিক্ষোভের সময় প্রায় ৪০০টি পাকিস্তানি সমাজমাধ্যম হ্যান্ডল চিহ্নিত করা হয়েছে, যেগুলি থেকে ভুয়া খবর ছড়ানো হচ্ছিল। বর্তমানে এই ধরনের আপত্তিকর পোস্টগুলি চিহ্নিত করে সেগুলি দ্রুত মুছে ফেলার প্রক্রিয়া জারি রেখেছে পুলিশ।