বর্ষীয়ান অভিনেতা তথা বিজেপির নেতা মিঠুন চক্রবর্তী বর্তমানে কলকাতার পিয়ারলেস হাসপাতালে চিকিৎসাধীন। গত পরশু বুধবার তাঁকে শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার তাঁর ডান হাতে একটি ছোট অস্ত্রোপচার হয়েছে।
চিকিৎসকদের দাবি, অস্ত্রোপচার সফল হয়েছে এবং বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। অস্থিরোগ বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে রাখা হয়েছে তাঁকে। সবকিছু স্বাভাবিক থাকলে শনিবারই তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হতে পারে।
মিঠুন চক্রবর্তীর শারীরিক অবস্থার খোঁজ নিতে শুক্রবার সকাল প্রায় ১১টা ৪০ মিনিটে চিনার পার্কের বাড়ি থেকে বেরিয়ে পিয়ারলেস হাসপাতালে পৌঁছন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সেখানে যাদবপুরের বিধায়িকা সর্বরী মুখোপাধ্যায়-সহ অন্যান্যরা। হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে কথা বলে অভিনেতার শারীরিক অবস্থার বিস্তারিত খোঁজ নেন তিনি এবং দ্রুত আরোগ্য কামনা করেন।
পরে অভিনেতার সঙ্গে সাক্ষাতের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে মুখ্যমন্ত্রী লেখেন, “বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা ও বিজেপির কেন্দ্রীয় সমিতির অন্যতম সদস্য শ্রী মিঠুন চক্রবর্তী শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি রয়েছেন। আজ তাঁর সঙ্গে দেখা করে শারীরিক অবস্থার খবর নিয়েছি। করুণাময় ঈশ্বরের কাছে তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি।”
হাসপাতাল সূত্রের দাবি, আপাতত উদ্বেগের কোনও কারণ নেই। তবে অস্ত্রোপচারের প্রয়োজন কেন পড়ল, সে বিষয়ে পরিবারের পক্ষ থেকে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি। এর আগেও একাধিকবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেও প্রতিবারই সুস্থ হয়ে ফিরেছেন ‘মহাগুরু’। এবারও তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন অসংখ্য ভক্তরা।
পিয়ারলেসে ভর্তি মিঠুন, সাক্ষাতে মুখ্যমন্ত্রী