আরজি কর কাণ্ড: তদন্তের গতি নিয়ে সিবিআইয়ের ওপর বিরক্ত হাই কোর্ট, চাইল সময়

News Today By Tollywood Focus Kolkata Team | Published: Aug 06, 2026 | 2 mins read
আরজি কর কাণ্ড: তদন্তের গতি নিয়ে সিবিআইয়ের ওপর বিরক্ত হাই কোর্ট, চাইল সময়
আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলায় সিবিআইয়ের নতুন তদন্তের কাজে চরম অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাই কোর্ট। আদালতের পর্যবেক্ষণ, সঠিক পথে এগোচ্ছে না কেন্দ্রীয় সংস্থার তদন্ত। পুরোনো তদন্তের দ্বারা প্রভাবিত না হয়ে ঘটনাস্থল থেকে শ্মশানঘাট পর্যন্ত প্রতিটি ঘটনা নতুন করে খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে আদালত।
বৃহস্পতিবার হাই কোর্টের বিচারপতি শম্পা সরকার এবং বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চে সিবিআইয়ের নতুন বিশেষ তদন্তকারী দল (সিট) একটি রিপোর্ট জমা দেয় এবং তদন্তের জন্য আরও সময় চায়। আদালত সেই আবেদন গ্রহণ করলেও ক্ষোভ প্রকাশ করে জানায়, মামলার শুরু থেকে বারবার একই নির্দেশ দেওয়া হলেও তা মানা হচ্ছে না। আগের তদন্তকে পুরোপুরি দূরে সরিয়ে রেখে নতুন দৃষ্টিভঙ্গিতে কাজ করার নির্দেশ দিয়েছে আদালত।
এদিনের শুনানিতে নির্যাতিতার পরিবারের আইনজীবী অভিযোগ করেন, ঘটনার রাতে যে চার জন জুনিয়র ডাক্তার নিহতের সঙ্গে নৈশভোজ করেছিলেন, তাঁদের ভূমিকা ও তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের সঙ্গে তাঁদের যোগসূত্র এখনও সঠিকভাবে খতিয়ে দেখা হয়নি। এমনকি অভিযুক্তদের সঠিকভাব জেরা ও বয়ান রেকর্ড না করার বিষয় নিয়েও প্রশ্ন তোলে আদালত।
সিবিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিজ্ঞ অফিসারদের নিয়ে অত্যন্ত গুরুত্ব সহকারে প্রতিটি অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত অনেকটাই এগিয়েছে। আদালতের কাছে এর জন্য পর্যাপ্ত সময় চেয়েছে কেন্দ্রীয় সংস্থা। আগামী ২৮ অগস্ট এই মামলার পরবর্তী শুনানি ধার্য করা হয়েছে। ওই দিন তদন্তের চূড়ান্ত অগ্রগতি রিপোর্ট দেখতে চেয়েছে হাই কোর্ট।