কলকাতা বিমানবন্দরে ১ কোটির সোনা ও হিরে উদ্ধার, ধৃত ১

News Today By Tollywood Focus Kolkata Team | Published: Aug 06, 2026 | 2 mins read
কলকাতা বিমানবন্দরে ১ কোটির সোনা ও হিরে উদ্ধার, ধৃত ১
সোনা ও হিরের পাচার রুখল পুলিশ। কলকাতা বিমানবন্দরে অভিযান চালিয়ে ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা এবং হিরের গয়না সহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিমানবন্দর চত্বরের একটি ডোমেস্টিক কার্গো থেকে এই বিপুল পরিমাণ সোনা ও হিরে উদ্ধার করা হয়। কার্গো থেকে মাল নামানোর পর এক ব্যক্তি স্কুটারে করে তা নিয়ে পালানোর পরিকল্পনা করছিলেন। সেই সময় কর্তব্যরত পুলিশকর্মীদের সন্দেহ হওয়ায় তাঁরা নাকা চেকিংয়ে ওই ব্যক্তিকে আটকে দেন। এরপর তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে হিরে ও সোনার নেকলেস, ব্রেসলেট, আংটি এবং চুড়ির মতো দামি গয়না বাজেয়াপ্ত করা হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক (NSCBI) থানার উচ্চপদস্থ আধিকারিক ও বিধাননগর কমিশনারেটের এসিপি (ডিডি)। ধৃতকে থানায় নিয়ে গিয়ে শুরু হয়েছে জেরা। এই বিপুল পরিমাণ সোনা ও হিরে কোথা থেকে এল, কোথায় পাচার করার উদ্দেশ্য ছিল এবং এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ। আজই ধৃতকে আদালতে পেশ করা হবে।
উল্লেখ্য, গত এক সপ্তাহ ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ নগদ টাকা, অস্ত্র ও সোনা উদ্ধার করেছে পুলিশ। সম্প্রতি বীরভূমের দেউচায় এক ব্যবসায়ীর বাড়ি থেকে নগদ সাড়ে আ২৮ কোটি টাকা এবং ১৫ কেজি সোনা উদ্ধার হয়, যার বাজারমূল্য ৫০ কোটিরও বেশি। একের পর এক এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।