গ্রুপ-ডি নিয়োগ দুর্নীতি মামলা: পার্থ চট্টোপাধ্যায় ও কল্যাণময় গঙ্গোপাধ্যায়সহ ২৪ জনের জামিন

News Today By Tollywood Focus Kolkata Team | Published: Aug 05, 2026 | 2 mins read
গ্রুপ-ডি নিয়োগ দুর্নীতি মামলা: পার্থ চট্টোপাধ্যায় ও কল্যাণময় গঙ্গোপাধ্যায়সহ ২৪ জনের জামিন
রাজ্যের বহুল আলোচিত গ্রুপ-ডি নিয়োগ দুর্নীতি মামলায় বড় আপডেট সামনে এল। স্কুল সার্ভিস কমিশনের (SSC) এই দুর্নীতি মামলায় চার্জশিটে নাম থাকা ২৪ জন অভিযুক্তকে শর্তসাপেক্ষে জামিন দিল সিবিআই-এর বিশেষ আদালত। জামিনপ্রাপ্তদের তালিকায় নাম রয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, শান্তিপ্রসাদ সিন্হা (SP সিন্হা) এবং কল্যাণময় গঙ্গোপাধ্যায়দের।
জানা গিয়েছে, ওএমআর (OMR) শিট বিকৃত করে অযোগ্য প্রার্থীদের বেআইনিভাবে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগে এই তদন্ত চলছে। এদিন আদালতে অভিযুক্তদের জামিনের তীব্র বিরোধিতা করেছিলেন সিবিআইয়ের আইনজীবী। তবে সমস্ত সওয়াল-জবাব শোনার পর ৪ হাজার টাকার ব্যক্তিগত বন্ড ও নির্দিষ্ট কিছু শর্তে ২৪ জনকেই জামিন দেয় আদালত।
এদিনের শুনানিতে পার্থ চট্টোপাধ্যায় সশরীরে উপস্থিত না থাকলেও, বাকি অভিযুক্তরা আদালতে উপস্থিত থেকে জামিন নেন। আদালত সূত্রে খবর, খুব শীঘ্রই এই গ্রুপ-ডি মামলার মূল বিচার প্রক্রিয়া শুরু হতে চলেছে।
উল্লেখ্য, ২০১৬ সালের এই নিয়োগ দুর্নীতি মামলায় এর আগে কলকাতা হাইকোর্টাগে একাধিক কড়া পদক্ষেপ করা হয়েছিল। গত বছর ডিসেম্বরে আদালতের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল, ২০১৬-র নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী ‘যোগ্য’ এবং যাঁরা সুনির্দিষ্টভাবে ‘অযোগ্য’ নন, তাঁদের তালিকা প্রকাশ করতে হবে। পাশাপাশি, এসএসসি-র তরফে ৩ হাজার ৫১২ জন 'দাগি' বা অভিযুক্ত শিক্ষাকর্মীর নামের তালিকাও এর আগে ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছিল। এবার এই মামলার আইনি প্রক্রিয়া এক নতুন মোড় নিল।