বীরভূমের বিতর্কিত পাথর ব্যবসায়ী মহম্মদ নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডলকে ঘিরে তদন্তে আরও তৎপর হল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF)। মঙ্গলবার তাঁর শ্বশুরবাড়ির পাশাপাশি বীরভূমের পাঁড়ুই এলাকায় এক আত্মীয়ের বাড়িতেও তল্লাশি চালায় তদন্তকারী দল।
STF সূত্রে জানা গিয়েছে, টুলু মণ্ডলের শ্যালক মিন্টু শেখের বাড়িতে দীর্ঘক্ষণ তল্লাশি চালানো হয়। বাড়ি থেকে বিভিন্ন নথি ও আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য খতিয়ে দেখেন তদন্তকারীরা। তবে অভিযানের সময় মিন্টু শেখ বাড়িতে ছিলেন না বলে জানা গিয়েছে। একইসঙ্গে টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতেও তল্লাশি চালানো হয়। সেখানে একটি সন্দেহজনক ব্যাগের খোঁজ মিলেছে বলে তদন্তকারী সূত্রের দাবি। ব্যাগটি পরীক্ষা করে দেখা হচ্ছে এবং মামলার সঙ্গে তার কোনও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
প্রসঙ্গত, কয়েকদিন আগেই টুলু মণ্ডলের এক আত্মীয়ের বাড়ি থেকে বিপুল পরিমাণ নগদ টাকা ও সোনা উদ্ধার হয়েছিল। সেই ঘটনার পর থেকেই তাঁর আত্মীয়দের আর্থিক লেনদেন এবং সম্পদের উৎস নিয়ে তদন্ত আরও জোরদার করেছে STF। তদন্তকারীদের সন্দেহ, টুলু মণ্ডলের আর্থিক নেটওয়ার্কের সঙ্গে একাধিক আত্মীয়ের যোগ থাকতে পারে।
এদিকে টুলু মণ্ডল এখনও অধরা। তাঁকে গ্রেফতারের পাশাপাশি তাঁর সম্পদের উৎস, অর্থ লেনদেনের চক্র, সম্ভাব্য সহযোগীদের খুঁজে বের করাই এখন তদন্তকারীদের মূল লক্ষ্য। STF সূত্রের ইঙ্গিত, তদন্তের স্বার্থে আগামী দিনেও বীরভূমের একাধিক জায়গায় তল্লাশি অভিযান চলতে পারে।
টুলু মণ্ডলের শ্বশুরবাড়ি ছাড়াও আত্মীয়ের বাড়িতে STF-এর হানা, তদন্তে নতুন তথ্যের খোঁজ