চোখের চিকিৎসায় বিদেশযাত্রার অনুমতি পেলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়, আবেদন খারিজ কলকাতা হাইকোর্টে

News Today By Tollywood Focus Kolkata Team | Published: Aug 05, 2026 | 2 mins read
চোখের চিকিৎসায় বিদেশযাত্রার অনুমতি পেলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়, আবেদন খারিজ কলকাতা হাইকোর্টে
কলকাতা, ৫ আগস্ট: তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশে গিয়ে চোখের চিকিৎসার অনুমতি চেয়ে করা আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। বুধবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চ জানায়, বিদেশে চিকিৎসার প্রয়োজনীয়তা নির্ধারণের আগে একটি স্বাধীন মেডিক্যাল বোর্ডের মতামত প্রয়োজন।

আদালত এসএসকেএম হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞদের নিয়ে একটি মেডিক্যাল বোর্ড গঠনের প্রস্তাব দেয়। ওই বোর্ড পরীক্ষা করে জানাবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিকিৎসা বিদেশে করানো জরুরি কি না, নাকি ভারতে সেই চিকিৎসা সম্ভব। তবে অভিষেকের পক্ষ থেকে জানানো হয়, তিনি মেডিক্যাল বোর্ডের সামনে হাজির হতে রাজি নন এবং দীর্ঘদিন ধরে যে বিদেশি বিশেষজ্ঞের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে, সেখানেই চিকিৎসা চালিয়ে যেতে চান। এরপরই আদালত তাঁর আবেদন খারিজ করে দেয়।

শুনানিতে অভিষেকের আইনজীবী জানান, অতীতেও তিনি চিকিৎসার জন্য বিদেশে গিয়েছেন এবং প্রতিবারই দেশে ফিরে এসেছেন। অন্যদিকে রাজ্যের পক্ষ থেকে দাবি করা হয়, বর্তমানে বিদেশে যাওয়ার মতো কোনো জরুরি চিকিৎসাগত প্রয়োজন নেই। পাশাপাশি, তাঁর বিরুদ্ধে চলা বিভিন্ন মামলার তদন্তের স্বার্থেও দেশে উপস্থিত থাকা গুরুত্বপূর্ণ।

বিচারপতি পর্যবেক্ষণে বলেন, আদালত চিকিৎসা বিশেষজ্ঞ নয়। তাই স্বাধীন বিশেষজ্ঞদের মতামত ছাড়া বিদেশে চিকিৎসার অনুমতি দেওয়া সম্ভব নয়। আদালতের নির্দেশিত মেডিক্যাল বোর্ডের সামনে হাজির না হওয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রার আবেদন খারিজ হয়। ফলে আপাতত বিদেশে গিয়ে চিকিৎসার অনুমতি পাচ্ছেন না তিনি।