ফের আইনি জটিলতা এবং রাজনৈতিক অস্বস্তির মুখে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২০২২ সালের জানুয়ারি মাসে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে আয়োজিত ‘মেগা কোভিড-১৯ টেস্টিং ড্রাইভ’ কর্মসূচিতে নিয়মবহির্ভূতভাবে করোনা পরীক্ষা ও আর্থিক অনিয়মের অভিযোগ উঠল। এই বিষয়ে জাতীয় মেডিক্যাল কমিশনের (NMC) নির্দেশে এবার তদন্ত শুরু করতে চলেছে পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিল।
স্থানীয় সূত্রে খবর, অতিমারির সময়ে ডায়মন্ড হারবারে মাত্র একদিনে প্রায় ৫৩ হাজার মানুষের করোনা পরীক্ষা করার দাবি জানানো হয়েছিল। কিন্তু বিরোধীদের প্রশ্ন, যেখানে পুরো রাজ্যে দৈনিক গড় টেস্টের সংখ্যা ছিল সীমিত, সেখানে একটিমাত্র কেন্দ্রে একদিনে এত বিশাল সংখ্যক মানুষের নমুনা পরীক্ষা কীভাবে সম্ভব?
এই বিষয়ে পদ্ধতিগত দুর্নীতি ও সরকারি তছরুপের অভিযোগ তুলে দক্ষিণ ২৪ পরগনার তৎকালীন জেলাশাসক ও পুলিশ সুপারসহ ২৬ জন কর্মকর্তার বিরুদ্ধে পুলিশে এফআইআর দায়েরের আবেদন জানান বিজেপি নেতা অভিজিৎ দাস। এরপরই নড়েচড়ে বসে দিল্লির জাতীয় মেডিক্যাল কমিশন। ব্যবহৃত ডায়াগনস্টিক কিটের বৈধতা এবং পরীক্ষার স্বচ্ছতা খতিয়ে দেখতে রাজ্য মেডিক্যাল কাউন্সিলকে পূর্ণাঙ্গ তদন্ত করে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনায় নতুন করে রাজনৈতিক মহলে শোরগোল শুরু হয়েছে।
ডায়মন্ড হারবারে কোভিড পরীক্ষা বিতর্ক: তদন্তের নির্দেশ ন্যাশনাল মেডিক্যাল কমিশনের