শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে এফআইআর: প্রধানমন্ত্রীর কুরুচিকর ছবি ছড়ানোর অভিযোগ

News Today By Tollywood Focus Kolkata Team | Published: Jul 26, 2026 | 3 mins read
শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে এফআইআর: প্রধানমন্ত্রীর কুরুচিকর ছবি ছড়ানোর অভিযোগ
NEET প্রশ্নফাঁস কাণ্ডের প্রতিবাদে ধর্মনতলায় আয়োজিত বিক্ষোভে সামিল হয়ে বিতর্কে জড়ালেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। প্রধানমন্ত্রীর একটি আপত্তিকর ছবি ও পোস্টার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার অভিযোগে তাঁর বিরুদ্ধে একাধিক থানায় এফআইআর দায়ের করেছেন বিজেপি নেতা-কর্মীরা। অভিনেত্রীর দ্রুত গ্রেফতারির দাবি জানিয়ে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
গত শুক্রবার নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে দিল্লির পাশাপাশি কলকাতার রাজপথেও বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল। ছাত্রছাত্রীদের সেই আন্দোলনে সংহতি জানাতে পথে নেমেছিলেন শ্রীলেখা মিত্রও। পরে সোশ্যাল মিডিয়ায় তিনি প্রতিবাদের কিছু ছবিও শেয়ার করেন। অভিযোগ ওঠে, বিক্ষোভের একটি পোস্টারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি কুরুচিকর ছবি ছিল, যা অভিনেত্রী নিজে ধরে দাঁড়িয়েছিলেন এবং তা ভাইরাল হয়েছে।
এই ঘটনায় আনন্দপুর থানায় এফআইআর দায়ের করেছেন বিজেপি নেত্রী কেয়া ঘোষ। এছাড়া বিধাননগর সাইবার ক্রাইম থানাতেও অভিযোগ জানানো হয়েছে। বিজেপি নেত্রী কেয়া ঘোষ বলেন, "প্রতিবাদের অধিকার সবার রয়েছে, কিন্তু প্রধানমন্ত্রীর এমন কুরুচিকর ছবি পোস্ট করার অধিকার কারও নেই। ওঁর বিরুদ্ধে অবিলম্বে কঠোর আইনি পদক্ষেপ নিতে হবে।"
অন্যদিকে, সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে নিজের সাফাইয়ে একটি ভিডিও বার্তা দিয়েছেন শ্রীলেখা মিত্র। তিনি দাবি করেছেন, ভিড় ও পুলিশের লাঠিচার্জের মধ্যে হুলস্থূল পরিস্থিতির জেরে তিনি ঠিক কী পোস্টার ধরেছিলেন, তা তাঁর খেয়াল ছিল না। অভিনেত্রীর কথায়, "হাজার হাজার ছেলেমেয়ের সঙ্গে আমিও দৌড়েছি। সানগ্লাস পরা থাকায় এবং চরম ব্যস্ততার মাঝে অত বড় ভিড়ে মোদিজির ওই ছবিযুক্ত পোস্টারটি যে অশ্লীল ছিল, সেদিকে আমার চোখ পড়েনি বা পোস্টারটি উল্টে দেখিনি। আমাকে দেশদ্রোহী বা ইচ্ছাকৃতভাবে ওই ছবি ছড়ানোর তকমা দেওয়া সম্পূর্ণ হাস্যকর।"