লোকসভায় 'ট্যাক্সেশন অ্যান্ড আদার ল’জ (সংশোধনী)' বিল পাশ হওয়ার পর থেকেই ইউপিআই (UPI) লেনদেন এবং মার্চেন্ট চার্জ নিয়ে বিভিন্ন মহলে নানা জল্পনা ও আলোচনা শুরু হয়েছে। তবে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে পেমেন্টস কাউন্সিল অব ইন্ডিয়া স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, সাধারণ গ্রাহক এবং ছোট ব্যবসায়ীদের জন্য ইউপিআই পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে এবং আগের মতোই চালু থাকবে।
বর্তমান সময়ে ইউপিআই বিশ্বের সবচেয়ে বড় রিয়েল-টাইম পেমেন্ট সিস্টেমে পরিণত হয়েছে। দেশের ক্ষুদ্রতম ব্যবসায়ীরা যাতে কোনো অতিরিক্ত খরচ ছাড়াই সহজে ডিজিটাল পেমেন্ট গ্রহণ করতে পারেন, সেই বিষয়টি মাথায় রেখেই এই পরিকাঠামো তৈরি করা হয়েছে। ছোট ব্যবসায়ীদের ইউপিআই পেমেন্ট নেওয়ার জন্য কোনো ধরনের মার্চেন্ট ডিসকাউন্ট রেট (MDR) বা অতিরিক্ত চার্জ দিতে হয় না।
গত প্রায় এক দশক ধরে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (RBI), এনপিসিআই (NPCI), ব্যাঙ্ক এবং বিভিন্ন ফিনটেক সংস্থা যৌথভাবে সাইবার নিরাপত্তা, জালিয়াতি প্রতিরোধ এবং উন্নত প্রযুক্তিতে নিয়মিত বিনিয়োগ করে চলেছে। এর ফলেই গ্রাহকরা সপ্তাহের সাত দিনই ২৪ ঘণ্টা নিরাপদ ও নিরবচ্ছিন্ন পরিষেবা পাচ্ছেন। এই প্রযুক্তিগত রক্ষণাবেক্ষণের খরচ মূলত ব্যাঙ্ক ও পেমেন্ট সংস্থাগুলিই বহন করে থাকে।
পেমেন্টস কাউন্সিল অব ইন্ডিয়া জানিয়েছে, যেখানে প্রযোজ্য, সেখানে মার্চেন্ট সার্ভিস চার্জ হলো ব্যবসায়ী ও পেমেন্ট প্রদানকারী সংস্থার একান্ত একটি বাণিজ্যিক ব্যবস্থা। এর ফলে সাধারণ গ্রাহকদের ডিজিটাল লেনদেনের জন্য অতিরিক্ত কোনো অর্থ বা চার্জ দিতে হয় না। ভবিষ্যতে পরিকাঠামোর মানোন্নয়ন ও নিরাপত্তা আরও জোরদার করতে বিনিয়োগ জারি থাকলেও, গ্রাহক ও ছোট ব্যবসায়ীদের স্বার্থরক্ষা এবং ডিজিটাল পেমেন্টকে জনপ্রিয় করে তোলাই সরকারের প্রধান লক্ষ্য।
গ্রাহক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে থাকবে, জানাল পেমেন্টস কাউন্সিল অব ইন্ডিয়া