নিট পরীক্ষার প্রশ্নফাঁস ও বিতর্ক নিয়ে দেশজুড়ে তোলপাড় চলছে। ঠিক এই আবহে এক বিস্ফোরক মন্তব্য করে নতুন বিতর্ক উসকে দিলেন প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক রামগোপাল ভর্মা। তাঁর মতে, নিট পরীক্ষার বিতর্ক বা প্রশ্নফাঁসের চেয়েও শিক্ষার্থীদের কাছে অনেক বড় সংকট হলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই।
নিজের এক্স হ্যান্ডেলে একটি দীর্ঘ পোস্টে রামগোপাল ভর্মা দাবি করেছেন, বর্তমান শিক্ষাব্যবস্থার শেকড়েই পচন ধরাচ্ছে এই প্রযুক্তি। তাঁর কথায়, একসময় কঠোর পরিশ্রম ও পড়াশোনা করলেই নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত হতো। কিন্তু এআই সেই ধারণাকে সম্পূর্ণ বদলে দিয়েছে। মানুষের চিন্তাভাবনা করার ক্ষমতা কমে যাওয়ায় আজ নম্বর, ডিগ্রি এবং মুখস্থবিদ্যার গুরুত্ব তলানিতে এসে ঠেকেছে।
পরিচালকের মতে, আগামী ১০ থেকে ২০ বছর পর শিশুদের কী শিক্ষা দেওয়া উচিত, তা আজ নিশ্চিত করে বলা অসম্ভব। কারণ মানুষ এখন ধীরে ধীরে সম্পূর্ণ এআই-নির্ভর হয়ে পড়ছে। তথ্যের কোনো অভাব না থাকলেও সত্য-মিথ্যার স্রোতে ভেসে মানুষ বিভ্রান্ত হচ্ছে।
বর্তমান শিক্ষাব্যবস্থার উদাহরণ দিয়ে রামগোপাল একটি শক্তিশালী উপমা ব্যবহার করেন। তিনি বলেন, ঘরের মধ্যে আগুন লাগার পরেও মানুষ যেমন চেয়ার কোথায় রাখা হবে তা নিয়ে ব্যস্ত থাকে, তেমনি বর্তমান শিক্ষাব্যবস্থা ও সিলেবাসের অবস্থা ঠিক তেমনই। তাঁর স্পষ্ট বার্তা, প্রথাগত ডিগ্রি বা নম্বরের আর কোনো দাম নেই। ভবিষ্যতে কেবল তারাই সফল হবেন, যারা যুগের সঙ্গে তাল মিলিয়ে পরিস্থিতির সঙ্গে নিজেদের মানিয়ে নিতে পারবেন।
ডিগ্রি বা নম্বরের আর দাম নেই, নিটের চেয়েও এআই বড় সংকট: রামগোপাল ভর্মা