হাসপাতালের অন্দরে নার্সের অস্বাভাবিক মৃত্যু, আবারো প্রশ্নের মুখে নিরাপত্তা

News Today By Tollywood Focus Kolkata Team | Published: Aug 13, 2026 | 3 mins read
হাসপাতালের অন্দরে নার্সের অস্বাভাবিক মৃত্যু, আবারো প্রশ্নের মুখে নিরাপত্তা
কলকাতার নীলরতন সরকার (এনআরএস) মেডিক্যাল কলেজ ও হাসপাতালে কর্মরত এক স্টাফ নার্সের রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার গভীর রাতে হাসপাতালের স্ত্রীরোগ বিভাগের হাই ডিপেনডেন্সি ইউনিট (এইচডিইউ)-র শৌচালয় থেকে উদ্ধার করা হয় নার্স রূপালী বর্মনের (৩০) দেহ।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতের শিফটে দায়িত্বে ছিলেন রূপালী। দীর্ঘক্ষণ তাঁকে কর্মস্থলে দেখতে না পেয়ে সহকর্মীরা খোঁজ শুরু করেন। পরে এইচডিইউ সংলগ্ন শৌচালয়ের ভিতর থেকে তাঁর নিথর দেহ উদ্ধার হয়। সঙ্গে সঙ্গেই তাঁকে পরীক্ষা করে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

প্রাথমিক তদন্তে চিকিৎসকদের একাংশের অনুমান, শরীরে কোনও শক্তিশালী ওষুধ প্রবেশের জেরে মৃত্যু হয়ে থাকতে পারে। সূত্রের খবর, রোগীদের চিকিৎসায় ব্যবহৃত ফেন্টানিল জাতীয় ওষুধ ইনজেকশনের মাধ্যমে শরীরে প্রবেশ করানো হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে মৃত্যুর সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। ময়নাতদন্তের রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত কোনও সিদ্ধান্তে পৌঁছতে চাইছেন না তদন্তকারীরা।

পূর্ব মেদিনীপুরের বাসিন্দা রূপালী বর্মন সম্প্রতি এনআরএস হাসপাতালে বদলি হয়ে এসেছিলেন। কর্মসূত্রে তিনি দমদমে একটি ভাড়া বাড়িতে থাকতেন বলে জানা গিয়েছে।

ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতালে পৌঁছে তদন্ত শুরু করেছে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। হাসপাতালের সিসিটিভি ফুটেজ, ডিউটি রেকর্ড এবং সহকর্মীদের বয়ান খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, ২০২৪ সালে আরজি কর মেডিক্যাল কলেজে এক মহিলা চিকিৎসক-পড়ুয়ার মৃত্যুর ঘটনায় তোলপাড় হয়েছিল রাজ্য। সেই ঘটনার পর হাসপাতালগুলিতে নিরাপত্তা ও নজরদারি বাড়ানোর কথা বলা হয়েছিল। এনআরএসের এই রহস্যমৃত্যুর ঘটনায় ফের হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এখন সকলের নজর তদন্ত ও ময়নাতদন্তের রিপোর্টের দিকে।