যুব বিশ্ব অ্যাথলেটিক্সে ভারতের জোড়া সাফল্য: বসন্তের রুপো, শাহনওয়াজ়ের ব্রোঞ্জ

News Today By Tollywood Focus Kolkata Team | Published: Aug 11, 2026 | 2 mins read
যুব বিশ্ব অ্যাথলেটিক্সে ভারতের জোড়া সাফল্য: বসন্তের রুপো, শাহনওয়াজ়ের ব্রোঞ্জ
অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারতের দুর্দান্ত পারফরম্যান্স অব্যাহত। জ্যাভলিনে আশিস যাদবের রুপো জয়ের পর এবার দেশের হয়ে জোড়া পদক জিতলেন আরও দুই প্রতিভাবান অ্যাথলিট। হাইজাম্পে বসন্ত মেঘওয়াল রুপো এবং লং জাম্পে শাহনওয়াজ় খান ব্রোঞ্জ পদক জিতে দেশের নাম উজ্জ্বল করেছেন।
রাজস্থানের ১৯ বছর বয়সি তরুণ অ্যাথলিট বসন্ত হাইজাম্পে ২.২১ মিটার লাফিয়ে রুপো জেতেন। এটি তাঁর কেরিয়ারের সেরা লাফ। সবচেয়ে বড় কথা, প্রথম ভারতীয় হিসেবে হাইজাম্পে বিশ্বমঞ্চে পদক জয়ের ইতিহাস গড়লেন তিনি। আলজেরিয়ার ইয়োনেস আয়াচি-ও ২.২১ মিটার লাফিয়ে সোনা জেতেন। তবে তিনি প্রথম চেষ্টাতেই এই উচ্চতা পার করেছিলেন, আর বসন্ত সফল হন দ্বিতীয় চেষ্টায়। তাই 'কাউন্টব্যাক' নিয়মে বসন্তকে রুপো পান। তৃতীয় চেষ্টায় এই উচ্চতা পার করে ব্রোঞ্জ পান ব্রিটেনের ওটিস পুল। এর আগে এশীয় অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপেও বসন্ত সোনা জিতেছিলেন।
অন্যদিকে, পুরুষদের লং জাম্পে ৭.৮৪ মিটার লাফিয়ে ব্রোঞ্জ পদক নিজের নামে করেছেন ২০ বছর বয়সি শাহনওয়াজ় খান। যোগ্যতা অর্জন পর্বে ৭.৭৩ মিটার লাফিয়ে ফাইনালে উঠেছিলেন তিনি এবং সেখানে নিজের পারফরম্যান্স আরও ভালো করেন। এই ইভেন্টে ইতালির ড্যানিয়েলে লিয়োনার্দো ইনজ়োলি (৭.৯৭ মিটার) সোনা এবং অস্ট্রেলিয়ার মেসন ম্যাকগ্রোডার (৭.৯৬ মিটার) রুপো জেতেন। বসন্তর মতো শাহনওয়াজ়ও এর আগে এশীয় চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন।
বিশ্বমঞ্চে ভারতের এই তরুণ অ্যাথলিটদের সাফল্য প্রমাণ করছে যে, আগামী দিনে ভারতীয় অ্যাথলেটিক্সের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল।