দেশের সর্ববৃহৎ শিল্পগোষ্ঠী টাটা গ্রুপে বড় ধরনের রদবদল। টাটা সন্সের চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করলেন এন চন্দ্রশেখরন। টাটা গ্রুপের ভবিষ্যৎ পরিচালনা এবং নীতি নিয়ে টাটা ট্রাস্টের চেয়ারম্যান নোয়েল টাটার সঙ্গে তাঁর তীব্র মতপার্থক্যের জেরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। তবে এখনই পদ ছাড়ছেন না তিনি। আগামী ২০২৭ সালের ফেব্রুয়ারি মাসে তাঁর বর্তমান মেয়াদ শেষ হওয়া পর্যন্ত তিনি এই পদে থেকেই কাজ চালাবেন।
সূত্রের খবর, গত ফেব্রুয়ারিতে চন্দ্রশেখরনকে আরও পাঁচ বছরের জন্য চেয়ারম্যান হিসেবে মেয়াদ বৃদ্ধির সুপারিশ করা হয়েছিল। কিন্তু টাটা ট্রাস্টের চেয়ারম্যান নোয়েল টাটা শর্ত দেন যে, টাটা সন্সকে ভবিষ্যতে কখনও শেয়ারবাজারে তালিকাভুক্ত করা যাবে না। চন্দ্রশেখরন এই শর্তে লিখিত অঙ্গীকার দিতে রাজি না হওয়ায় জটিলতা তৈরি হয়। দীর্ঘ ছয় মাস ধরে এই বিষয়ে কোনো সমাধানসূত্র না মেলায় তিনি নিজেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।
এই প্রসঙ্গে এক বিবৃতিতে এন চন্দ্রশেখরন জানান, প্রতিষ্ঠানের স্বার্থে নেতৃত্বের স্পষ্ট বার্তা জরুরি। তাই মেয়াদ শেষের পর তিনি আর নতুন করে দায়িত্ব পালন করবেন না এবং বোর্ডকে অবিলম্বে তাঁর যোগ্য উত্তরসূরি নির্বাচনের অনুরোধ জানিয়েছেন।
উল্লেখ্য, ১৯৮৭ সালে টাটা গ্রুপে যোগদানের মাধ্যমে এই শিল্পগোষ্ঠীর সঙ্গে তাঁর যাত্রা শুরু হয়েছিল। অর্থাৎ টাটার সঙ্গে তাঁর দীর্ঘ ৪০ বছরের সম্পর্ক রয়েছে। ২০১৭ সালে তিনি টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। এদিকে তাঁর এই পদত্যাগের খবরের পরই শেয়ারবাজারে টাটা গ্রুপের একাধিক সংস্থার শেয়ারের দর প্রায় চার শতাংশ পর্যন্ত কমে যায়। বর্তমানে বিনিয়োগকারীদের নজর রয়েছে টাটার পরবর্তী চেয়ারম্যান কে সেদিকেই।
৪০ বছরের সম্পর্কের ইতি! টাটা সন্সের চেয়ারম্যান পদ থেকে ইস্তফা এন চন্দ্রশেখরনের