কলকাতার ঐতিহ্যবাহী অ্যাকাডেমি অফ ফাইন আর্টসকে ঘিরে ফের শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। বুধবার প্রতিষ্ঠানটির একটি অংশে আবারও গেরুয়া রং করা নিয়ে সরগরম হয়ে ওঠে সাংস্কৃতিক ও রাজনৈতিক মহল। ঘটনাস্থলে বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষের উপস্থিতি এবং ‘জয় শ্রীরাম’ ও ‘বন্দে মাতরম’ স্লোগান ঘিরে নতুন করে প্রশ্ন উঠেছে শিল্প-সংস্কৃতির পরিসরে রাজনৈতিক প্রভাব নিয়ে।
প্রসঙ্গত, গত মাসে অ্যাকাডেমির মূল ফটকের পাশের একটি নিরাপত্তা কক্ষে গেরুয়া রং করা হয়েছিল বলে অভিযোগ ওঠে। সেই ঘটনার প্রতিবাদে নাট্যব্যক্তিত্ব বিভাস চক্রবর্তী, চন্দন সেন, মেঘনাদ ভট্টাচার্য-সহ একাধিক শিল্পী ও সংস্কৃতিকর্মী সরব হন। তাঁদের দাবি ছিল, অ্যাকাডেমি অফ ফাইন আর্টস কোনও রাজনৈতিক দলের পরিচয়ের প্রতীক হতে পারে না।
মঙ্গলবার শিল্পী ও নাট্যকর্মীদের একাংশ নিজেরাই তুলি হাতে তুলে নিয়ে ওই অংশে সাদা রং করে আগের অবস্থায় ফিরিয়ে আনার উদ্যোগ নেন। কিন্তু তার ২৪ ঘণ্টার মধ্যেই ফের গেরুয়া রং করা হয়। অভিযোগ, বিজেপি সমর্থকদের একাংশ এই কাজে অংশ নেয় এবং ঘটনাস্থলে উপস্থিত ছিলেন রুদ্রনীল ঘোষ।
ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। বিরোধীদের অভিযোগ, শিল্প ও সংস্কৃতির মুক্ত পরিসরে দলীয় পরিচয়ের ছাপ বসানোর চেষ্টা চলছে। অন্যদিকে বিজেপির তরফে দাবি করা হয়েছে, বিষয়টি নিয়ে অযথা রাজনৈতিক বিতর্ক তৈরি করা হচ্ছে।
তবে এই ঘটনার জেরে শিল্পী মহলের একাংশের উদ্বেগ আরও বেড়েছে। তাঁদের বক্তব্য, অ্যাকাডেমি অফ ফাইন আর্টস দীর্ঘদিন ধরে বাংলার নাটক, শিল্পচর্চা ও সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম কেন্দ্র। তাই এই ধরনের বিতর্কের বদলে প্রতিষ্ঠানের স্বাতন্ত্র্য ও ঐতিহ্য বজায় রাখাই হওয়া উচিত সকলের প্রধান লক্ষ্য।
ঘটনাকে ঘিরে এখনও উত্তেজনা অব্যাহত রয়েছে এবং আগামী দিনে এই বিতর্ক কোন দিকে মোড় নেয়, সেদিকেই নজর রাজনৈতিক ও সাংস্কৃতিক মহলের।
রং নিয়েই ফের বিতর্কের কেন্দ্রে অ্যাকাডেমি অফ ফাইন আর্টস