লাগাতার ভারী বৃষ্টির জেরে ফের বড়সড় বিপত্তি শহরে। বুধবার (১২ অগস্ট) সন্ধ্যায় ভবানীপুরের ধীরেন্দ্রনাথ ঘোষ রোডে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ৮২ বছরের পুরনো 'ভবানীপুর পাঠাগার'-এর একাংশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যে বাড়িটিতে এই পাঠাগারটি অবস্থিত, সেটি প্রায় ২০০ বছরের পুরনো। বুধবার সন্ধ্যায় আচমকাই বিকট শব্দে লাইব্রেরির একটা অংশ ধসে পড়ে। হুড়মুড়িয়ে ভেঙে পড়া অংশটি সোজা গিয়ে পড়ে পাশের একটি লেনে। তবে সন্ধ্যার এই আকস্মিক দুর্ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল বাহিনী। কলকাতা পুরসভার কর্মীরাও দ্রুত রাস্তা থেকে জঞ্জাল ও ধ্বংসাবশেষ সরানোর কাজ শুরু করেন।
স্থানীয় বাসিন্দাদের দাবি, গত কয়েকদিন ধরে চলা অবিরাম বৃষ্টির কারণে জল জমে দুর্বল হয়েই এই দুর্ঘটনা ঘটেছে। নিজেদের অর্থ দিয়ে দীর্ঘদিন ধরে এই লাইব্রেরিটি টিকিয়ে রেখেছিলেন এলাকার মহিলারা। এই ঘটনায় তাঁরা বেজায় ভেঙে পড়েছেন। বহু পুরনো এই পাঠাগারের সঙ্গে এলাকার আবেগ জড়িয়ে রয়েছে। স্থানীয়দের আক্ষেপ, এই লাইব্রেরি ভেঙে যাওয়া তাঁদের কাছে 'সন্তান বিয়োগের' সমান। পাঠাগারটি দ্রুত পুনর্নির্মাণ করার জন্য রাজ্য প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
এদিকে আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গে দুর্যোগ এখনই কমছে না। বৃহস্পতিবারও একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরে জারি হয়েছে লাল সতর্কতা। এছাড়া পুরুলিয়া, ঝাড়গ্রাম, দুই বর্ধমান এবং হুগলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির পাশাপাশি বইতে পারে ঝোড়ো হাওয়াও।
ভারী বর্ষণে কলকাতায় বিপর্যয়! ভবানীপুরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ৮২ বছরের পুরনো লাইব্রেরি