দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তর বাসভবনে আয়োজিত তিজ উৎসবে একসঙ্গে যোগ দিয়ে নজর কাড়লেন বাংলার তিন মহিলা সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায় এবং রচনা বন্দ্যোপাধ্যায়। উৎসবের নানা মুহূর্তে তাঁদের মেহেন্দি পরতে, ছবি তুলতে এবং হাসি-আড্ডায় মেতে উঠতে দেখা যায়। সেই ছবিই এখন রাজনৈতিক মহলে আলোচনার অন্যতম বিষয়।
বৃহস্পতিবার সকালে দিল্লির মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে ঐতিহ্যবাহী তিজ উৎসব ঘিরে ছিল উৎসবের আবহ। ফুলের সাজ, ঐতিহ্যবাহী খাবার এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে জমে ওঠে আয়োজন। বিভিন্ন রাজ্যের জনপ্রতিনিধিদের উপস্থিতির মধ্যেও বাংলার এই তিন সাংসদের উপস্থিতি বিশেষভাবে নজর টেনেছে।
রাজনৈতিক মহলের একাংশের মতে, এই উপস্থিতির তাৎপর্য শুধুমাত্র সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণের মধ্যেই সীমাবদ্ধ নয়। দীর্ঘদিন ধরে তৃণমূলের অন্দরে ভিন্ন মতের মুখ হিসেবে পরিচিত কাকলি, শতাব্দী ও রচনা সম্প্রতি এনডিএ-র প্রতি সমর্থন জানিয়েছেন এবং এনসিপিআই-এ যোগ দিয়েছেন বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। যদিও সেই অবস্থান এখনও লোকসভার স্পিকারের আনুষ্ঠানিক স্বীকৃতি পায়নি। ফলে সংসদীয় নথিতে তাঁদের পরিচয়ের পাশে এখনও তৃণমূল কংগ্রেসের নামই বহাল রয়েছে।
ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁদের একাধিক বৈঠক রাজনৈতিক জল্পনাকে উসকে দিয়েছে। সেই আবহে দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবনের এই অনুষ্ঠানে তাঁদের উপস্থিতি নতুন রাজনৈতিক বার্তার ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।
উৎসবে উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ ও অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত-ও। তিনি সামাজিক মাধ্যমে অনুষ্ঠানের একাধিক ছবি ভাগ করে নেন, যেখানে ধরা পড়েছে উৎসবের রঙিন মুহূর্ত এবং বাংলার তিন সাংসদের প্রাণখোলা উপস্থিতি।
দিল্লির CM হাউসে তিজ্ উদযাপন, একই ফ্রেমে বাংলার তিন সাংসদ কাকলি-শতাব্দী-রচনা