রাজারহাটে খড়গপুর আইআইটি-র ক্যাম্পাসের একটি অনুষ্ঠান থেকে দলের অন্দরেই দুর্নীতির অভিযোগ তুললেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। প্রকাশ্য মঞ্চ থেকে তিনি স্বীকার করেন যে, বিজেপির একটা অংশও নানা ধরনের তোলাবাজি এবং সিন্ডিকেট রাজের সঙ্গে জড়িয়ে পড়েছে।
এদিন শমীকবাবু বলেন, দল বদল করে অনেকেই স্বল্প সময়ে শাসক দলে যোগ দিয়েছিলেন বা নতুন করে বিজেপিতে নাম লিখিয়েছেন। যাঁদের মনে কিছু সুপ্ত বাসনা ছিল, ক্ষমতার পালাবদলে তা এখন প্রকাশ্যে আসছে। শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে বাণিজ্য— সবক্ষেত্রেই রাজনৈতিক পরিচয়ে কিছু মানুষ ফায়দা তোলার চেষ্টা করছেন বলে তিনি সতর্ক করেন। দলের নেতাকর্মীদের কঠোর বার্তা দিয়ে তিনি জানান, এই ধরনের অনৈতিক আচরণ এবং ক্ষমতার একাধিপত্য বেশি দিন টেকে না। অহংকার ত্যাগ করে সবাইকে সংযত হওয়ার পরামর্শ দেন তিনি।
পাশাপাশি, সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের জেরে কলকাতার বিভিন্ন দুর্গাপুজো কমিটিগুলিতে যে রদবদল শুরু হয়েছে, সে প্রসঙ্গেও বার্তা দেন রাজ্য বিজেপি সভাপতি। পুজোকে রাজনীতির প্রভাবমুক্ত রাখার পক্ষে সওয়াল করে তিনি স্পষ্ট জানান, পুজো কমিটি জোর করে দখল করার সংস্কৃতি বা রাজনৈতিক চাপ তৈরি করা কোনওভাবেই বরদাস্ত করা হবে না।
দলের একাংশই তোলাবাজিতে যুক্ত, বিস্ফোরক মন্তব্য রাজ্য বিজেপি সভাপতির