বিতর্কের মুখে পড়ে নিজের আগের মন্তব্য থেকে সম্পূর্ণ ১৮০ ডিগ্রি ঘুরে গেলেন মান্ডির বিজেপি সাংসদ তথা অভিনেত্রী কঙ্গনা রনৌত। কিছুদিন আগেই নতুন প্রজন্মকে ‘নর্দমার প্রজন্ম’ বা ‘জেনারেশন গাটার’ বলে তীব্র কটাক্ষ করেছিলেন তিনি। তবে শুক্রবার নিজের সেই অবস্থান থেকে সরে এসে জেন-জ়ি (Gen-Z)-কে দেশের সবচেয়ে বড় শক্তি ও দেশের চালিকা শক্তি বলে প্রশংসা করলেন কঙ্গনা।
এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে জেন-জ়ি প্রজন্মের একাংশের মন্তব্য ঘিরে ক্ষুব্ধ হয়েছিলেন কঙ্গনা। বিক্ষোভকারীদের ওই আচরণকে ‘বমি উদ্রেককারী’ বলে আক্রমণ শানিয়েছিলেন তিনি। তাঁর সেই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র বিতর্কের সৃষ্টি হয়।
তবে সমস্ত বিতর্ককে পেছনে ফেলে অবশেষে সুর নরম করলেন এই বিজেপি সাংসদ। শুক্রবার সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি নতুন প্রজন্মের ভূয়সী প্রশংসা করেন। কঙ্গনা বলেন, "জেন জ়ি আমাদের দেশের শক্তি এবং জাতির জন্য এক বিশাল সম্পদ। আমরা অত্যন্ত আনন্দিত যে, আমাদের তরুণরা ক্রমশ আমাদের সংস্কৃতি ও পরিচয়ের দূত হিসেবে নিজেদের তুলে ধরছে।"
বিশ্লেষকদের মতে, লাগাতার সমালোচনার জেরে জনসমক্ষে নিজের ভাবমূর্তি রক্ষা করতেই অবস্থান বদল করেছেন কঙ্গনা রনৌত। তরুণ প্রজন্মের ক্ষোভ প্রশমিত করে দেশের চালিকা শক্তি হিসেবে তাদের অবদানের কথাই এখন নতুন করে তুলে ধরছেন মান্ডির এই সাংসদ।
মত বদলে জেন-জ়ি প্রজন্মকেই ‘দেশের চালিকা শক্তি’ বললেন কঙ্গনা রনৌত