ভোর ৪টে ১৫ মিনিটে নীতীশ তিওয়ারি পরিচালিত প্রতীক্ষিত ছবি ‘রামায়ণ’-এর ট্রেলার লঞ্চ হয়ে গেল

Hindi Movie By Tollywood Focus Kolkata Team | Published: Jul 30, 2026 | 2 mins read
ভোর ৪টে ১৫ মিনিটে নীতীশ তিওয়ারি পরিচালিত প্রতীক্ষিত ছবি ‘রামায়ণ’-এর ট্রেলার লঞ্চ হয়ে গেল
চলতি সময়ের ট্রেন্ড ভেঙে সম্পূর্ণ ভিন্ন পথে হাঁটলেন নীতীশ তিওয়ারি পরিচালিত প্রতীক্ষিত ছবি ‘রামায়ণ’-এর নির্মাতারা। সাধারণত বড় বাজেটের ছবির ট্রেলার বা টিজার প্রকাশের জন্য রাত ১২টা বা প্রাইম টাইমের মতো সময় বেছে নেওয়া হয়, যাতে দর্শকের নজর বেশি টানে। তবে রণবীর কাপুর, যশ ও সাই পল্লবী অভিনীত এই ছবির ট্রেলার মুক্তি পেয়েছে একেবারে ভোরে—ঠিক ৪টে ১৫ মিনিটে।
প্রযোজক নমিত মালহোত্রা জানিয়েছেন, বিশ্বের বিভিন্ন প্রান্তে ‘ব্রাহ্মমুহূর্তে’ এই ট্রেলার প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পেছনে রয়েছে গভীর ধর্মীয় ও আধ্যাত্মিক তাৎপর্য।

হিন্দু দর্শন অনুযায়ী, সূর্যোদয়ের প্রায় ১ ঘণ্টা ৩৬ মিনিট আগে ব্রাহ্মমুহূর্ত শুরু হয় এবং এর স্থায়িত্ব সাধারণত ৪৮ মিনিট। 'ব্রাহ্ম' অর্থ সৃষ্টিকর্তা এবং 'মুহূর্ত' হলো সময়ের বিশেষ পরিমাপ। হিন্দু শাস্ত্রে এই সময়টিকে আত্মশুদ্ধি, মানসিক শান্তি এবং ঈশ্বরচিন্তার জন্য সবচেয়ে উপযুক্ত বলে মনে করা হয়। এই সময়ে প্রকৃতির চারপাশে শান্তি ও নিস্তব্ধতা বজায় থাকে এবং মন থাকে সবচেয়ে শান্ত।

‘রামায়ণ’ কেবল একটি সিনেমা নয়, এটি ভারতীয় সংস্কৃতি ও হিন্দু ধর্মের অন্যতম পবিত্র মহাকাব্যের আধুনিক রূপায়ণ। মহাকাব্যের আধ্যাত্মিক মর্যাদাকে সম্মান জানাতেই নির্মাতারা এই পবিত্র সময়কে বেছে নিয়েছেন। সনাতন ধর্মে বিশ্বাস করা হয় যে, ব্রাহ্মমুহূর্তে নতুন কাজ শুরু করলে জীবনে ইতিবাচক শক্তি এবং ঈশ্বরের আশীর্বাদ লাভ হয়। এছাড়া এই সময়ে ধ্যান, যোগব্যায়াম বা প্রার্থনা করলে মনোসংযোগ ও মানসিক শান্তি বহুগুণ বৃদ্ধি পায়।