মুক্তির আগেই নতুন বিতর্কে জড়িয়ে পড়েছে সলমন খানের আসন্ন ছবি ‘মাতৃভূমি’। দেশপ্রেম ও সীমান্ত সংঘাতকে কেন্দ্র করে নির্মিত এই বড় বাজেটের ছবির সেন্সর প্রক্রিয়া নিয়ে অনিশ্চয়তার জল্পনা এখন বলিউডে তুঙ্গে। যদিও বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত নির্মাতা বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।
প্রথমে ছবির নাম রাখা হয়েছিল ‘ব্যাটল অফ গালওয়ান’। পরে নাম পরিবর্তন করে ‘মাতৃভূমি’ রাখা হয়। তবে নাম বদলের পরও বিতর্ক পিছু ছাড়েনি। ইন্ডাস্ট্রি সূত্রের দাবি, ছবিতে "চীন" শব্দের ব্যবহার এবং ২০২০ সালের গালওয়ান উপত্যকার সংঘর্ষের প্রেক্ষাপটকে ঘিরে কিছু সংবেদনশীল দৃশ্য নিয়ে আপত্তি উঠেছে। সেই কারণেই সেন্সর ছাড়পত্র পেতে জটিলতা তৈরি হয়েছে বলে জোর গুঞ্জন।
খবর অনুযায়ী, পরিস্থিতি সামাল দিতে পরিচালক অপূর্ব লাখিয়া-কে কয়েকটি দৃশ্য নতুন করে ধারণ করতে হয়েছে। বিশেষ করে সীমান্ত সংঘর্ষ এবং ভারতীয় সেনাবাহিনীকে তুলে ধরার কিছু অংশে পরিবর্তন আনা হয়েছে বলেই জানা যাচ্ছে।
ছবিটি চলতি বছরের এপ্রিল মাসে মুক্তির কথা থাকলেও তা পিছিয়ে যায়। স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তির পরিকল্পনা থাকলেও বর্তমান পরিস্থিতিতে সেই সম্ভাবনাও অনিশ্চিত হয়ে পড়েছে।
এক সাক্ষাৎকারে পরিচালক অপূর্ব লাখিয়া জানিয়েছেন, ‘মাতৃভূমি’ শুধুমাত্র যুদ্ধের ছবি নয়; এটি দেশের জওয়ানদের আত্মত্যাগ, মানবিকতা এবং সীমান্তে তাঁদের নীরব সংগ্রামের গল্প। ছবিতে সলমন খানের পাশাপাশি আরও একাধিক পরিচিত অভিনেতাকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে।
তবে সেন্সর সংক্রান্ত বিতর্কের বিষয়ে এখনও পর্যন্ত কোনও সরকারি নিশ্চিত তথ্য প্রকাশ্যে আসেনি। ফলে কবে ছবিটি মুক্তি পাবে, তা নিয়ে অনুরাগীদের অপেক্ষা আরও দীর্ঘ হচ্ছে।
মাতৃভূমি’ ঘিরে নতুন বিতর্ক! সেন্সর জটে অনিশ্চিত সলমন খানের বহুচর্চিত ছবি