ট্রেন যাত্রীদের যাতায়াত আরও সহজ ও আরামদায়ক করতে একটি নতুন ডিজিটাল পরিষেবা চালু করতে চলেছে ভারতীয় রেল। এখন থেকে যাত্রীরা তাঁদের অনুমোদিত সীমার অতিরিক্ত লাগেজ (Excess Luggage) খুব সহজেই অনলাইনে বুক করতে পারবেন। এর ফলে স্টেশনে গিয়ে লম্বা লাইনে দাঁড়িয়ে লাগেজ বুক করার ঝক্কি আর পোহাতে হবে না।
আইআরসিটিসি (IRCTC) বা রেলের অনলাইন টিকিট বুকিংয়ের সময়ই অতিরিক্ত লাগেজ বুক করা যাবে।যাত্রীরা ভ্রমণের আগেই অনলাইনে লাগেজের সঠিক ওজন এবং তার বিবরণ দিতে পারবেন। নির্ধারিত দিনে স্টেশনের লাগেজ অফিসে লাগেজ জমা দিয়ে রসিদ সংগ্রহ করতে হবে।গন্তব্য স্টেশনে পৌঁছে ওই রসিদ দেখিয়েই খুব সহজেই লাগেজ সংগ্রহ করা যাবে।
কোন শ্রেণীতে কত লাগেজ বিনামূল্যে বহন করা যায়?
রেলের নিয়ম অনুযায়ী বিভিন্ন শ্রেণীতে বিনামূল্যে লাগেজ বহনের নির্দিষ্ট সীমা রয়েছে—এসি ফার্স্ট ক্লাসে ৭০ কেজি (সর্বোচ্চ ১৫০ কেজি পর্যন্ত অনুমোদিত),এসি টু-টায়ারে ৫০ কেজি (সর্বোচ্চ ১০০ কেজি পর্যন্ত),এসি থ্রি-টায়ার / চেয়ার কারে ৪০ কেজি (সর্বোচ্চ ৮০ কেজি পর্যন্ত),স্লিপার ক্লাসে ৪০ কেজি (সর্বোচ্চ ৮০ কেজি পর্যন্ত),সেকেন্ড ক্লাসে ৩৫ কেজি (সর্বোচ্চ ৭০ কেজি পর্যন্ত)।
রেল সূত্রে জানা গেছে, এই সম্পূর্ণ ডিজিটাল ব্যবস্থার ফলে যাত্রীদের সময় ও পরিশ্রম দুই-ই বাঁচবে। পাশাপাশি স্টেশনে অতিরিক্ত ভিড় ও লাইনে দাঁড়ানোর ঝঞ্জাট থেকেও মুক্তি মিলবে। তবে ভ্রমণের আগে যাত্রীদের নিয়ম ও চার্জ সংক্রান্ত আপডেট আইআরসিটিসি বা রেলের অফিশিয়াল ওয়েবসাইট থেকে যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
ট্রেনে অতিরিক্ত লাগেজ বুকিংয়ের সমস্যা দূর করতে নতুন ডিজিটাল পরিষেবা আনছে ভারতীয় রেল