শহরের আকাশে নিষিদ্ধ চিনা মাঞ্জার বিপদ ফের একবার প্রকাশ্যে এল। শনিবার রাতে কলকাতার মা ফ্লাইওভারে অ্যাপ-বাইকে যাওয়ার সময় চিনা মাঞ্জার সুতোর টানে মারাত্মকভাবে জখম হলেন এক বেসরকারি স্কুলের শিক্ষিকা।
জখম ওই শিক্ষিকার নাম এশা মণ্ডল। দুর্গাপুরের বাসিন্দা এশা দেবী কর্মসূত্রে কলকাতায় থাকেন। শনিবার রাতে অ্যাপ-বাইকে করে মা ফ্লাইওভার দিয়ে যাওয়ার সময় হঠাৎই উড়ে আসা কাঁচের গুঁড়ো মাখানো চিনা মাঞ্জা তাঁর মুখে পেঁচিয়ে যায়। বাইক চালক মাথা নিচু করে নিজেকে রক্ষা করলেও, পেছনে বসে থাকা শিক্ষিকা মারাত্মক দুর্ঘটনার শিকার হন। তবে তাঁর চোখে চশমা থাকায় চোখের বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।
দ্রুত তাঁকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, তাঁর মুখের ক্ষতস্থান থেকে প্রচুর কাঁচের গুঁড়ো বের করা হয়েছে। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল। ঘটনার আতঙ্ক কাটিয়ে এশা দেবী জানান, সুতোটি মুখে লাগার সময় তাঁর মনে হয়েছিল তীব্র বৈদ্যুতিক শক লেগেছে।
উল্লেখ্য, প্রশাসনের কড়া নিষেধাজ্ঞা ও নজরদারি সত্ত্বেও বারবার এই মারণ সুতোর ব্যবহার চলায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। অতীতেও এই মাঞ্জা সুতোর কারণে একাধিক দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটেছে।
মা ফ্লাইওভারে চিনা মাঞ্জার আতঙ্ক: গুরুতর জখম শিক্ষিকা